১৭ হাজার কাটলেই চলে!
১৯৯৯ সালে বন্ধ হয়ে যাওয়া রাজবাড়ীর পাচুরিয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪৮ কিলোমিটার রেলপথ পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে। এই রেলপথের ফরিদপুরের সাইনবোর্ড থেকে ভাঙ্গা পর্যন্ত দুই পাশে আছে সামাজিক বনায়নের ৮০ হাজার গাছ। রেলওয়ে বিভাগ গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, ১৭ হাজার গাছ কেটেও এই রেল চালু করা সম্ভব।জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুল হক জানান, ১৯৮৪-৮৫ সাল থেকে রেল ও স্থানীয় সুবিধাভোগীদের সহায়তায় রেললাইনের দুই পাশে সামাজিক বনায়ন কার্যক্রম চলছে। ফরিদপুরের সাইনবোর্ড থেকে ভাঙ্গা পর্যন্ত রেলের ৩৫ কিলোমিটার জমিতে ১২টি স্থানে সামাজিক বনায়নের আওতায় আনা হয়। লাগানো হয় বিভিন্ন প্রজাতির ৮০ হাজার গাছ। সর্বশেষ ২০০৫-০৬ অর্থবছরে রেলের কাছ থেকে ২০ বছরের জন্য জমি ইজারা নিয়ে গাছগুলো রোপণ করা হয়। ফরিদপুর সদর উপজেলার বন কর্মকর্তা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন জানান, শুধু সাইনবোর্ড থেকে ধুলদী রেলগেট পর্যন্ত ছয় কিলোমিটার অংশে শিবরামপুর সামাজিক বনায়ন সমিতির সহায়তায় মেহগনি, অ্যাকাশিয়া, নিম, রেইন্ট্রি, ইউকেলিপটাসসহ বিভিন্ন প্রজাতির ৪০ হাজার গাছ লাগানো হয়েছে। এই অংশে ৪০ হাজার গাছ না কেটে ১০ হাজার গাছ কেটেও রেল চালু করা সম্ভব। এদিকে ধুলদী থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের দুই পাশে আছে আরও ৪০ হাজার গাছ। এখানেও সাত হাজার গাছ কাটলে চলে। অর্থাৎ রেলপথটি চালুর জন্য ১৭ হাজারের বেশি গাছ কাটার প্রয়োজন নেই বলে মনে করেন এই বন কর্মকর্তা। রেলের রাজবাড়ী কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘বর্তমানে রেলের রাস্তা ২০ ফুট প্রশস্ত রয়েছে। এটি ২২ দশমিক ৬ ফুট পর্যন্ত বাড়ানো হবে। এই রাস্তা বাদ দিয়ে রাস্তার দুই পাশে ঢালের ৩০ ফুট পর্যন্ত জায়গা আমাদের খালি করে দিতে হবে। এর জন্য কোনো গাছই বাঁচানো সম্ভব নয়।’শিবরামপুর সামাজিক বনায়ন সমিতির সদস্য গোপেশ মহন্ত বলেন, ‘আমি বড় আশা নিয়া সাত হাজার টাকা খরচ করে গাছ লাগানোর কাজে অংশ নিয়েছি। পরম মমতায় গাছগুলো পাহারা দিয়া রক্ষা করছি। কিন্তু সবই এখন লোকসানের খাতায়।’ শিবরামপুর সামাজিক বনায়ন সমিতির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ বলেন, ‘সমিতির ৭৬ জন সদস্য প্রত্যেকে সাত হাজার করে টাকা খরচ করে ওই ৪০ হাজার গাছ লাগিয়েছেন। তাঁদের প্রত্যাশা, ১২ বছর পর এ থেকে লাভ পাবেন। নিয়মানুযায়ী, গাছ বিক্রির টাকার রেল ও বন বিভাগ ৪৫ ভাগ ও সুবিধাভোগীদের ৫৫ ভাগ পাওয়ার কথা। কিন্তু লাগানোর পাঁচ বছরের মধ্যে রেল চালুর উদ্যোগ নেওয়ায় আমরা সমস্যায় পড়েছি।’সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উদ্ভিদ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘গাছ কেটে ফেললে ওই এলাকায় বৃষ্টিপাত কমে যাবে। এর ফল হিসেবে মরুময়তা দেখা দেবে। বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে যাবে, যা জীবজগতের জন্য ক্ষতিকর হবে।’