নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কেন্দুয়া উপজেলায় পল্লী বিদ্যুতের একমাত্র উপকেন্দ্রটি অয়েল সার্কিট রিক্লোজার (ওসিআর) সংকটে পড়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিিঘ্নত হচ্ছে৷ ফলে উপজেলার প্রায় ১৭ হাজার গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিিতর প্রকৌশলী ও কর্মকর্তা সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের ৪০০ কিলোমিটার লাইন রয়েছে৷ এ এলাকায় ১৭ হাজার গ্রাহক রয়েছে৷ এসব গ্রাহককে আটিগ্রাম এলাকায় স্থাপিত ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভির ছয়টি মূল লাইনে (ফিডার) পৃথক ওসিআরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার কথা৷ কিন্তু ওসিআর-সংকটে তা সম্ভব হচ্ছে না। এখন একটি ওসিআরের মাধ্যমে উপজেলা সদর এলাকার প্রায় ৫০ কিলোমিটারের এক নম্বর লাইনটিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্য দুটি ওসিআর দিয়ে একসঙ্গে একাধিক মূল লাইন সংযুক্ত করে (২, ৩, ৪ এবং ৫, ৬ নম্বর ফিডার) সাড়ে তিন শ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে করে একটি লাইনে সামান্য ত্রুটি বা বিপর্যয় দেখা দিলে অপর লাইনগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমনকি একটি লাইনের তারের ওপর থেকে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার সময় একই ওসিআরের সঙ্গে সংযুক্ত অপর লাইনগুলো বন্ধ রাখতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের একজন কর্মী বলেন, উপজেলার একমাত্র বিদ্যুৎ উপকেন্দ্রে ওসিআর সমস্যার কারণে গ্রাহকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
লাইন টেকনিশিয়ান আবুল মনসুর পল্লী বিদ্যুতের কেন্দুয়ার সাহিতপুর অভিযোগকেন্দ্রের দায়িত্বে ছিলেন৷ সম্প্রতি বদলি হয়ে যাওয়ার আগে তিনি প্রথম আলোকে জানান, ওসিআর-সংকটের কারণে একসঙ্গে একাধিক ফিডার সংযুক্ত থাকায় সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে একটি লাইনে সমস্যা হলে অপর লাইনের গ্রাহকদেরও দুর্ভোগে পড়তে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ ইতিমধ্যে তাঁরা উপকেন্দ্রে এসে এ সমস্যা দেখেও গেছেন।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু তাহের জানান, কেন্দুয়ার বিদ্যুৎ উপকেন্দ্রে ওসিআর-সংকট সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনী উপকরণ পেলে শিগগিরই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।