১৭ 'বিদ্রোহী' চেয়ারম্যানকে দলে নিয়ে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আটটি উপজেলার ৬৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ২৮টিতে জয়লাভ করেছেন। ১৭টি ইউপিতে জয়ী হয়েছেন দলের ‘বিদ্রোহী’ প্রার্থীরা। ১৫টিতে বিএনপি এবং ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা (দুজন বিএনপির বিদ্রোহী, একটিতে জাতীয় পার্টি) নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষ-বিপক্ষ নিয়ে তৃণমূলে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। বিদ্রোহী প্রার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে দলে কোন্দল বাড়বে। বিদ্রোহীদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের সুযোগ দিলে দলের চেয়ারম্যান প্রার্থীরা বেঁকে বসবেন। তখন সমস্যা আরও প্রকট হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, ‘বিদ্রোহী’ ইউপি চেয়ারম্যানদের পক্ষে দলের প্রভাবশালী সাংসদ ও নেতারা আছেন। নির্বাচনের আগে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় তাঁদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হলেও এখন তাঁদের ঘরে (দলে) ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বলেন, মনোনয়ন-বাণিজ্যসহ নানা কারণে এবার জেলার বিভিন্ন ইউপিতে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি। ফলে প্রতিটা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন। বিদ্রোহী প্রার্থী না থাকলে জেলার সব কটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর জয়ী হতেন।
গত ২২ মার্চের নির্বাচনে টেকনাফের সেন্ট মার্টিন ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী নুর আহমদ। সেখানে দলের প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ মার্চ নুর আহমদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দল থেকে নুর আহমদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে না।
নুর আহমদ বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে তখন তাঁকে বহিষ্কার করেছিল। এখন তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে পুনরায় দলে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সেন্ট মার্টিনে কাজ করছেন।
এই উপজেলার সাবরাং ইউনিয়নেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী পরিবারের সন্তান আমি। নৌকা আর শেখ হাসিনা ছাড়া কিছু বুঝি না। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলাম। এখন চেয়ারম্যান হয়ে কি বিএনপি করব? বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আলী বলেন, উপজেলায় ছয়টি ইউপিতে দলের দুজন প্রার্থী চেয়ারম্যান হলেও তিনজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় দলীয় সাংসদের প্রভাব আর কালোটাকার ছড়াছড়িতে বিদ্রোহীরা জয় ছিনিয়ে নিয়েছেন।
রামু উপজেলার ১১টি ইউপির চারটিতে আওয়ামী লীগের প্রার্থী এবং ছয়টিতে দলের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। একটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রধান শেখ হাসিনা এসব ইউপিতে দলের যোগ্য নেতাদের মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় কোন্দল, কালোটাকার ছড়াছড়ি ও পেশিশক্তির প্রভাবে দলের প্রার্থীরা হেরে গেছেন। এখন বিদ্রোহী প্রার্থীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে দলীয় কোন্দর চরম আকার ধারণ করবে।
কক্সবাজার সদর উপজেলার ১১টি ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, তিনটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। মহেশখালীর পাঁচটি ইউপির চারটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিদ্রোহী চেয়ারম্যান নির্বাচিত হন। চকরিয়া উপজেলার ১৮টি ইউপির মধ্যে আটটিতে আওয়ামী লীগ, তিনটিতে দলের বিদ্রোহী এবং চারটিতে বিএনপি ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।
পেকুয়া উপজেলার সাতটি ইউপির দুটিতে আওয়ামী লীগ, একটিতে দলের বিদ্রোহী, তিনটিতে বিএনপি এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেন।
১৭ ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থীদের জয়লাভ এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, ইতিমধ্যে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনেক বিদ্রোহী বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। অনেকে সিদ্ধান্ত অমান্য করার জন্য ক্ষমাও চেয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রকে অবগত করা হবে। কেন্দ্রের সিদ্ধান্তমতে ‘বিদ্রোহী’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে তৃণমূলে দলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হলেও এখন কোন্দল নেই।