গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ভোটার তালিকা হালনাগাদ কাজে অপারেটরসহ ১৭টি পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চাকরিবঞ্চিত ব্যক্তিরা গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, চলতি বছর জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কাজে ডাটা এন্ট্রি অপারেটর, টিম লিডার, প্রুফ রিডার, ডাটা এন্ট্রি হেলপার ও টেকনিক্যাল সাপোর্টের ১৭টি পদের জন্য বিজ্ঞপ্তি দেয় জেলা নির্বাচন কার্যালয়৷ ১৭ মে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষা নেওয়া হলেও জনপ্রতি ২০-৩০ হাজার টাকা ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে৷ তাঁরা এই নিয়োগ বাতিল করে জেলা প্রশাসকের অধীনে নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন৷
ইসতিয়াক আহম্মেদ ও আবু সুফিয়ান নামে দুই আবেদনকারী অভিযোগ করেন, ঘুষ নিয়ে আগেই প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে৷ পরীক্ষার দিন কয়েকজন উত্তরপত্র ফাঁকা রেখে পরীক্ষা দিয়েছেন৷ পরে তাঁদের উত্তরপত্রে সঠিক উত্তর বিসয়ে দেওয়া হয়েছে৷ এ ছাড়া একই দিনে ফলাফল প্রকাশের কথা থাকলেও পরদিন দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হয়।
গাইবান্ধার পশ্চিমপাড়া মহল্লার মাহবুবুল হক বলেন, বিজ্ঞপ্তিতে ২০০৮, ২০০৯ ও ২০১২ সালের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও জেলা নির্বাচন কর্মকর্তা ঘুষ নিয়ে অনভিজ্ঞ প্রার্থী নিয়োগ দিয়েছেন৷
জেলা নির্বাচন কর্মকর্তা ও নিয়োগ কমিটির সভাপতি শাহীনুর ইসলাম প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচন কমিশন আমাকে পছন্দমতো লোক নিয়োগ করতে বলেছিল। কিন্তু আমি স্বচ্ছতার জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়েছি৷ যাঁরা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হননি, তাঁরাই মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন।’