১৭টি বন্য প্রাণী অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল রোববার ১৭টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়।
উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ প্রাণীগুলো অবমুক্ত করা হয়। অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিজিবির আটক করা আটটি তক্ষক। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধার করা একটি বানর, একটি মেছো বাঘ, দুটি বনবিড়াল ও পাঁচটি পরিযায়ী পাখি।
বিভিন্ন সময় লোকালয়ে আসা আহত বন্য প্রাণী উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের নিজস্ব পশুপাখি সেবাশ্রমে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে ওই বন্য প্রাণী ও পরিযায়ী পাখিগুলো অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাণীগুলো অবমুক্ত করেন শ্রীমঙ্গল বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল আনিসুর জামান, লে. কর্নেল নিয়ামূল কবির, মেজর ইকবাল মাহমুদ, মেজর আসিফ বুলবুল, মেজর এ বি এম খালেদ হায়দার, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সহকারী বন সংরক্ষক মো তবিবুর রহমান, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম, বন্য প্রাণী সেবাশ্রমের পরিচালক সজল দেব প্রমুখ।