১৭টি বিদ্যালয়ের ১৩টিই চলছে ভারপ্রাপ্ত প্রধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩টিই চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। শিক্ষকেরা বলেন, হাওরবেষ্টিত এ এলাকায় বাইরের শিক্ষকেরা আসতে চান না বলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১৩৭টি। উপজেলার বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ২২টি এবং সহকারী শিক্ষকের ২৮টি পদ শূন্য আছে। প্রধান শিক্ষকের ২২টি শূন্য পদের মধ্যে ফতেহপুর ইউনিয়নেই ১৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানো হচ্ছে।
গত বুধবার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এ বিদ্যালয়ের শিক্ষার্থী ৯৮ জন। একজন শিক্ষক একসঙ্গে তিনটি ক্লাসে পড়াচ্ছেন। একটি শ্রেণিতে কিছুক্ষণ পড়িয়ে আরেকটি শ্রেণিতে ছুটছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, প্রায় চার বছর ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এতে স্বাভাবিক পড়ালেখা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে তিনিসহ দুজন শিক্ষক আছেন। এর মধ্যে দাপ্তরিক কাজ, প্রশিক্ষণসহ নানা কারণে প্রায়ই তাঁকে স্কুলের বাইরে ছোটাছুটি করতে হয়। তখন একজন শিক্ষকের পক্ষে সব ক্লাসে পড়ানো সম্ভব হয় না।
ফতেহপুর ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে যেসব বিদ্যালয় চলছে—উত্তর অন্তেহরি, দক্ষিণ অন্তেহরি, ইসলামপুর, নতুন সোনাপুর, আবদুল্লাহপুর, জাহিদপুর, শাহপুর, পশ্চিম বেড়কুড়ি, বেতাহুঞ্জা, হালবন্দ, শাহবাজপুর ও বিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে চারটি বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এসব বিদ্যালয়ে অনেক দিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। এই এলাকাটি কাউয়াদীঘি হাওরবেষ্টিত। যাতায়াত কষ্টকর হওয়ায় এখানে বাইরে থেকে শিক্ষকেরা এসে থাকতে চান না। নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যে চেষ্টা-তদবির করে শিক্ষকেরা অন্য স্থানে বদলি নিয়ে চলে যান।
শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। এ দুটি বিদ্যালয়ে শিক্ষকের তিনটি পদ থাকলেও বছর দু-এক ধরে একজনই বিদ্যালয় চালাচ্ছেন।
নতুন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস বলেন, ২০১৩ সাল থেকে এখানে প্রধান শিক্ষকের পদ খালি। ফতেহপুর ইউনিয়ন হাওরাঞ্চল। তাই এখানে কেউ আসতে চান না। এ বিদ্যালয়ে দুজন শিক্ষক আছেন। ছাত্রছাত্রীর সংখ্যা ১২০।
রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ গত বুধবার বলেন, ওই এলাকায় কোনো শিক্ষক থাকতে চান না। কেউ গেলেও তদবির করে সেখান থেকে চলে আসেন। প্রধান শিক্ষক না থাকার কারণে স্বাভাবিকভাবেই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তালিকা পাঠানো হয়েছে। শিক্ষক পেলেই শূন্য পদগুলো পূরণ করা হবে।