১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজনদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান গুণীজনদের মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অ্যাটর্নি জেনারেল ও তিনজন বিচারপতিসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চান্দহরে প্রতিষ্ঠিত সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতাল। এ হাসপাতাল ঘিরে গ্রামটিতে গতকাল সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। সকালে গ্রামবাংলার শীতের পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করানো হয় অতিথিদের। এরপর মঞ্চে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশবরেণ্য কয়েকজন চিকিৎসককে দেওয়া হয় সম্মাননা।
দুপুরে অনুষ্ঠানস্থলে আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি মানবসেবায় সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের অবদানের প্রশংসা করেন। প্রধান বিচারপতি বলেন, সামর্থ্যের সামান্য অংশটুকু থেকে মানুষের জন্য কিছু করতে পারলে তা হবে মানবজীবনের সার্থকতা।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি ওবায়দুল হাসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহম্মেদ মজুমদার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মাইদুল ইসলাম, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান চিকিৎসক রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতাল ২০০১ সালে প্রতিষ্ঠা করেন চিকিৎসক রওশন আরা। এখানে রয়েছে দুটি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ ও একটি ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতালটি নামমাত্র অর্থে দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।