বান্দরবানে বোমাং সার্কেলের ১৭তম রাজার দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী উ চ প্রু। গতকাল বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে সকাল সাড়ে নয়টায় অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় বর্তমানে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি চুক্তির আগের চেয়েও জটিল হয়ে উঠেছে। এতে এ অঞ্চল এবং এখানে বসবাসরত আদিবাসি-বাঙালি, রাখাইন ও বড়ুয়াসহ ১৭ জনগোষ্ঠী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শুরুতে ঐতিহ্য অনুযায়ী চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহামঞ্চদ আবদুল্লাহ সরকারি প্রতিনিধি হিসেবে তরবারি হস্তান্তর করে উ চ প্রু চৌধুরীকে বোমাং রাজার পদে অভিষিক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য চহ্লাপ্রু জিমি প্রমুখ। প্রধান অতিথি সন্তু লারমা ১৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে স্বীকার করে চুক্তি হয়েছে। কিন্তু চুক্তি বাস্তবায়ন করে জাতীয় এ সমস্যাকে সমাধানের জন্য কোনো সরকারই আন্তরিক নয়।তিনি বলেন, আপাতদৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম বা এখনাকার কোনো কোনো এলাকায় শান্তি বিরাজ করছে মনে হয়। কিন্তু বাস্তবে তা সঠিক নয়। চুক্তি বাস্তবায়ন না হলে কোনোমতেই এ অঞ্চলের কোথাও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বোমাং রাজা উ চ প্রু চৌধুরী সংক্ষিপ্ত ভাষণে বলেন, তিনি বোমাং সার্কেলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষায় কাজ করবেন। এ কাজের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।