ঈদ পুঁজি করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ঢাকার ভাড়া অস্বাভাবিক হারে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।সরেজমিনে গত শুক্র ও শনিবার নবীনগর পৌর বাস টার্মিনালে গেলে একাধিক যাত্রী অভিযোগ করেন, নবীনগর থেকে ঢাকার ভাড়া ১৭০ টাকা। অথচ ঈদ পুঁজি করে বাসমালিকেরা কয়েক দিন ধরে জনপ্রতি ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন।এ সময় শিক্ষকতা পেশায় জড়িত রফিকুল ইসলাম নামের একজন যাত্রী তাঁর হাতে নবীনগর থেকে ঢাকাগামী তিশা পরিবহনের তিনটি টিকিট দেখিয়ে এ প্রতিনিধিকে বলেন, ‘ভাই, এইমাত্র তিশা কাউন্টার থেকে এই তিনটি টিকিট ৯০০ টাকায় কিনেছি। অথচ নবীনগর থেকে ঢাকার ভাড়া ১৭০ টাকা। ঈদকে পুঁজি করে প্রতি টিকিটে ১৩০ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি।’ এ বিষয়ে তিশা পরিবহনের সুপারভাইজার লিটন মিয়া বলেন, ‘ঈদের পর ঢাকা থেকে আমাদের খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। তাই এই কয়েকটা দিন যাত্রীদের একটু বেশি ভাড়া দিতে হচ্ছে। তবে আর দুই-তিন দিন পরই আগের ভাড়া বলবৎ হয়ে যাবে।’