১৭০ মিটারের কাজই শেষ হয়নি অরক্ষিত আরও ৯ কিলোমিটার
পদ্মা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৭০ মিটার জায়গা সংস্কারের কাজ এক বছরে শেষ করতে পারেনি রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। কাজের অর্ধেক বাকি রয়েছে। এরই মধ্যে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। অপরদিকে বাঁধের আরও ৯ দশমিক ১ কিলোমিটার এলাকা অরক্ষিত পড়ে রয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে ১৭০ মিটার বাঁধ সংস্কারের জন্য ঊষা কনস্ট্রাকশনের সঙ্গে পাউবোর চুক্তি হয়। গত বছরের ১৮ মে কাজ শুরু হয়। ৩০ জুন এই কাজের মেয়াদ শেষ হয়ে যাবে। গতকাল রোববার পর্যন্ত নিচের দিকে ১২ মিটার পিচিং ব্লক (বাঁধের ঢালে যে ব্লক বসানো হয়) বসানো হয়েছে। ওপরে বাকি রয়েছে আরও ১২ মিটার। বাকি কাজ শেষ করতে দরকার আরও ২২ হাজার পিচিং ব্লক। অথচ তৈরি করা ব্লক সব শেষ হয়ে গেছে। কাজের মেয়াদ আছে আর মাত্র চার দিন। পদ্মার পানি ব্লক ছুঁই ছুঁই করছে।ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল ইসলাম বলেন, পদ্মার ভাঙনে বড় খেলার মাঠটি বিলীন হয়ে গেছে। এখন যে ছোট মাঠটি রয়েছে, সেটাও এক বছর ধরে ব্লক তৈরির কারণে ব্যবহার করা যায়নি। এখানে বিদ্যালয় ছাড়াও বিজিবির একটি সীমান্ত ফাঁড়ি রয়েছে। এ বিষয়ে তিনি একাধিকবার পাউবোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ঊষা কনস্ট্রাকশনের একজন প্রতিনিধি বলেন, তাঁরা যে পরিমাণ কাজ করেছেন, সে পরিমাণ টাকা পাননি। নিজের খরচে করছেন। এখন বাকি কাজ শেষ করার জন্য মালামাল প্রস্তুত করেছেন। কিন্তু পাউবো বলছে তাদের তহবিল নেই। টাকা না পেলে তাঁরা কীভাবে কাজ করবেন।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আরও নয় কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এগুলো হচ্ছে—চারঘাট উপজেলার টাঙ্গন এলাকায় ৮০০ মিটার, ইউসুফপুরে এক কিলোমিটার ২৫০ মিটার, রাওথায় এক কিলোমিটার ২০০ মিটার, বাঘা উপজেলার মিরগঞ্জ এলাকায় দেড় কিলোমিটার, আলাইপুরে এক কিলোমিটার, বিষ্ণুপুরে এক কিলোমিটার, গোকুলপুরে এক কিলোমিটার, সরেরহাটে ৭৬০ মিটার ও লালপুরের তিলকপুরে ৫০০ মিটার। এলাকার অনেকের আশঙ্কা, এই বাঁধ সংস্কার করা না হলে রাজশাহী চারঘাট, বাঘা ও ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ২৫ কিলোমিটার, স্থানীয় ও আঞ্চলিক পাকা সড়কের ৪০ কিলোমিটার হুমকির মুখে পড়তে পারে। এই হুমকির মধ্যে আরও রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ, চারঘাট ও বাঘা উপজেলা কমপ্লেক্সসহ ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৫টি মসজিদ, ১১ হাজার বাড়িঘর, এক হাজার ৮৯৬ হেক্টর কৃষিজমিসহ অন্যান্য স্থাপনা। পাউবোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া বলেন, রাজস্ব খাতের টাকা দিয়ে ইউসুফপুরের ১৭০ মিটার কাজ করা হচ্ছে। কিন্তু এ কাজের জন্য গত বছর ৫০ লাখ টাকা, আর এ বছর ৩০ লাখ টাকা পাওয়া গেছে। ঠিকাদার নিজ খরচে কাজটা করছেন। এ জন্য তাঁকেও চাপ দেওয়া যাচ্ছে না। অরক্ষিত নয় কিলোমিটার বাঁধের ব্যাপারে নিজামুল হক বলেন, বাঁধের এই সংস্কারের জন্য তাঁরা ২০৫ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পানিসম্পদ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।