১৭০টি মুঠোফোনসহ দুই সহোদর গ্রেপ্তার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৭০টি মুঠোফোনসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে বন্দর থানার পুলিশ। গত শুক্রবার রাত আড়াইটার দিকে বন্দর থানার নেভিগেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতকানিয়া যাচ্ছিলেন। গ্রেপ্তার হওয়া দুই সহোদর হলেন: সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের আবদুল গাফফারের ছেলে মো. আলমগীর (২৮) ও মো. জাহাঙ্গীর (২৫)। বন্দর থানার ওসি নুরুল আবছার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী আলমগীর মাইক্রোবাসে করে সাতকানিয়ায় যাওয়ার পথে টহল পুলিশ তাঁর গাড়ি তল্লাশি করে। পরে থানার পুলিশ গিয়ে ১৭০টি মুঠোফোনসহ দুজনকে গ্রেপ্তার করে। জব্দ করা বেশির ভাগ ফোনসেট নকিয়া ব্র্যান্ডের বলে জানা গেছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব ফোনসেট আনা এবং এর বিপরীতে সঠিক কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।