ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে বসবাসকারী চট্টগ্রামের সীতাকুণ্ডের এক হাজার ৭০০ পরিবারকে সাত দিনের মধ্যে উচ্ছেদের নোটিশ দিয়েছে সীতাকুণ্ড ভূমি কার্যালয়। পুনর্বাসনের দাবিতে পরিবারগুলো গতকাল বুধবার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার জাকির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার জন্য সরকার ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দিয়েছে। কিন্তু সওজের জায়গায় বসবাসকারী দখলদারদের জন্য ঠিকাদারেরা কাজ শুরু করতে পারছেন না। ফলে চার লেনের কাজ বিলম্বিত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কের সিটিগেট থেকে বড় দারোগারহাট পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের পশ্চিম পাশে বসবাসরত এক হাজার ৭০০ পরিবারকে ৬ ডিসেম্বর উচ্ছেদের নোটিশ দেওয়া হয়।নোটিশ পাওয়া একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৩ সালের পর থেকে এখানে বসবাস করছেন তাঁরা। এখন কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারও কারও দাবি, সওজের জায়গার পাশাপাশি খতিয়ানভুক্ত নিজ জায়গায় বসবাসকারী অনেককেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।সীতাকুণ্ড সওজের উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান জানান, মহাসড়কটি চার লেনবিশিষ্ট করতে ঠিকাদারদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা তুলে না নেওয়ায় তাঁরা কাজ শুরু করতে পারছেন না। পরিবারগুলোকে সওজ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এখনো তারা তাদের স্থাপনা তুলে নেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।