১৭০০ স্কুল অধিগ্রহণ হলেও শিক্ষকদের ভাগ্য খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের ঘোষণা দিয়ে বছর খানেক আগে প্রায় এক হাজার সাত শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করা হয়। কিন্তু এসব বিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষকের চাকরি সরকারীকরণের কাজটি আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। ফলে বেতন না পেয়ে তাঁদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষকদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। প্রক্রিয়াগত কিছু কাজ করে শিগগিরই তাঁদের চাকরি সরকারীকরণ করে বেতন দেওয়ার চেষ্টা চলছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধিগ্রহণ হওয়া বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে প্রায় ২৩ হাজার নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের পর গত বছরের অক্টোবরে দ্বিতীয় ধাপে আরও প্রায় এক হাজার সাত শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য অধিগ্রহণ করা হয়। আইন অনুযায়ী বিদ্যালয়ের জমি, গৃহ, নগদ তহবিলসহ যাবতীয় সম্পদ সরকারের অনুকূলে আনা হয়। তখন ওই সব বিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষকের মুখে হাসি ফোটে। তাঁদের ধারণা ছিল, বিদ্যালয় অধিগ্রহণের কিছুদিনের মধ্যে হয়তো তাঁদের চাকরিও সরকারি হয়ে যাবে।
রংপুর বিভাগের একটি জেলার এ রকম তিনজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমরা যে বিদ্যালয়ে চাকরি করছি, সেগুলোতে আগে থেকেই সরকার থেকে বেতন-ভাতা পেতাম না। ওই ঘোষণার পর আমরা খুশি হয়ে আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও সেটি না হওয়ায় এখন হতাশ হয়ে গেছি। কী কারণে হচ্ছে না, তা-ও জানি না।’
এই তিন শিক্ষক বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ করব, আসন্ন ঈদুল আজহার আগে যেন তাঁদের চাকরি সরকারি করে প্রাপ্য বেতন-ভাতা দেওয়া হয়, তাহলে পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভালোভাবে করা যাবে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিদ্যালয়গুলো অধিগ্রহণের পর এখন সরকারি নিয়মে পদ সৃষ্টি করে সেগুলোর বিপরীতে বিদ্যমান শিক্ষকদেরই নিয়োগ দেওয়ার কাজ চলছে। এই আনুষ্ঠানিকতা শেষ করতে আরও মাসে দুয়েক সময় লাগতে পারে।