১৭২ শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টির পানিতে ভোলার বিভিন্ন উপজেলার অন্তত ১৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। এ ছাড়া তিনটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ভোলা সদর উপজেলার রাজাপুর, পূর্ব-ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া, ভেলুমিয়া ও কাচিয়া ইউনিয়নে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা রয়েছে।
দৌলতখান উপজেলার মদনপুর, হাজীপুর, সৈয়দপুর, মেদুয়া ও চরপাতা ইউনিয়নের ১২টি, বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ও পক্ষিয়া ইউনিয়নের ৫টি, তজুমদ্দিন উপজেলার সোনাপুর, মলংচড়া ও চাঁদপুর ইউনিয়নের ৩৫টি, মনপুরা উপজেলার মনপুরা, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১৫টি, লালমোহন উপজেলার ধলীগৌরনগর, পশ্চিম চরউমেদ ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৫টি ও চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, মুজিবনগর, কুকরিমুকরি ও ঢালচর ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে প্লাবিত হচ্ছে।
সদর উপজেলা ও দৌলতখানের প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা ছিল ৬ আগস্ট। পরে পরীক্ষা পিছিয়ে দৌলতখানে ৯ আগস্ট ও সদর উপজেলার ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশব্যাপী একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ওই দিন বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহনে পরীক্ষা শুরু হয়। তবে মনপুরায় শনিবার ও চরফ্যাশনে গতকাল রোববার পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, মেঘনা ও তেঁতুলিয়া নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ছে। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। রাজাপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান বন্ধ হয়ে গেছে। এ ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কমে গেছে। তবে এখনো পাঠদান চলছে।
পূর্ব-ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৫০। বর্তমানে আসছে ৬০০-৭০০। জোয়ারের পানির কারণে অন্যরা আসতে পারছে না।
মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুকুর রহমান দৌলত জানান, এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এ কারণে অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পরীক্ষা ও ক্লাস নেওয়ার জন্য ঘর নির্মাণের চেষ্টা চলছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়াদুজ্জামান বলেন, ‘যদি অস্বাভাবিক জোয়ারে বিদ্যালয় তলিয়ে যায়, ক্লাস করতে ছাত্রছাত্রীদের সমস্যা হয়, তবে প্রধান শিক্ষক লিখিত আবেদন জানালে বিদ্যালয়গুলো সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে বলেন, ক্লাস করতে ছাত্র ও শিক্ষকের সমস্যা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ইচ্ছে করলে ক্লাস বন্ধ রাখতে পারবে।