১৭৪ কোটি টাকা কর বকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ২৮টি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গৃহকর পাবে ১৭৪ কোটি টাকা। বকেয়া কর পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে এসব মন্ত্রণালয়ের সচিবদের গত ২৩ নভেম্বর চিঠি দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম।
চিঠি দেওয়ার সত্যতা নিশ্চিত করে মেয়র প্রথম আলোকে বলেন, ‘বিপুল পরিমাণ কর বকেয়া থাকায় আমাদের অনেক উন্নয়নকাজ এগোচ্ছে না। অর্থসংকটের কারণে বারবার আটকে যাচ্ছি। যদি প্রতিষ্ঠানগুলো বকেয়া কর পরিশোধ করে, তাহলে আমাদের আর্থিক সংকট কিছুটা হলেও মোচন হবে। পাশাপাশি নগরের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে পারব।’
সচিবদের দেওয়া মেয়রের চিঠিতে বলা হয়েছে, করপোরেশনের আয়ের মূল উৎস পৌরকর। নগরবাসীর সার্বিক সেবা, বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক ও জনপথ আলোকায়ন, জলাবদ্ধতা নিরসন, খাল খনন, নালা-নর্দমা সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডের ব্যয়ের সিংহভাগ অর্থই পৌরকর থেকে নির্বাহ করা হয়। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সরকারি ও বিভিন্ন সংস্থার কাছে সিটি করপোরেশনের বিপুল অঙ্কের পৌরকর অনাদায়ী পড়ে আছে। এই কর আদায়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন।
করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, ২৮টি মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি কর বকেয়া রয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে। এই মন্ত্রণালয়ের কাছে পাওনা ৬৯ কোটি ৮৭ লাখ টাকা। মূলত এই বকেয়া রয়েছে আগে এই মন্ত্রণালয়ের অধীনে থাকা রেলওয়ের কাছে। ২০১১ সালের ডিসেম্বরে রেলওয়ে নিয়ে আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।
মেয়র মন্জুর আলম বলেন, ‘রেলওয়ের কাছ থেকে গৃহকর আদায় করার জন্য তাদের মহাব্যবস্থাপকের সঙ্গে আমাদের সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা বৈঠক করেছেন। আমরা সেবা দিয়ে যাচ্ছি। এখন তাদের কর পরিশোধ করা দরকার।’
রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) আহমদ উল্লাহ মিয়া বলেন, ‘আমরা বাজেট অনুযায়ী কর পরিশোধ করি। ফলে অনেক কর পরিশোধ করা সম্ভব হয় না। তবে সিটি করপোরেশনের পাওনা করের বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে সিটি করপোরেশনের পাওনা রয়েছে ৩৯ কোটি ৬৫ লাখ টাকা। এই মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চলতি বছরের গৃহকর হিসেবে বকেয়া রয়েছে সাড়ে ৩৯ কোটি টাকা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বকেয়া আছে ১৯ কোটি ৯৭ লাখ টাকা। এই মন্ত্রণালয়ের অধীনে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে পাওনা প্রায় ১০ কোটি টাকা। আর শিল্প মন্ত্রণালয়ের বকেয়া ১৫ কোটি টাকা।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘করপোরেশনের আইন ও সিডিএর অধ্যাদেশে গৃহকর নিয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা রয়েছে। তাই উভয় সংস্থাকে বসে এর সমাধান করতে হবে।’
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে বকেয়া ১১ কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৬ কোটি ৯৭ লাখ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চার কোটি, ভূমি মন্ত্রণালয়ের ৩ কোটি ১০ লাখ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২ কোটি ১০ লাখ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বকেয়া এক কোটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১ কোটি ৯৭ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ কোটি ২৮ লাখ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ১ কোটি ৭৩ লাখ এবং পাট মন্ত্রণালয়ের কাছে বকেয়া আছে ১ কোটি ১২ লাখ টাকা।