১৭৪ দেশের পার্লামেন্ট নিয়ে আইপিইউর বিশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে ১৭৪টি দেশের পার্লামেন্টে গত ২০ বছরে নারী প্রতিনিধিত্ব ১১ দশমিক ৩ শতাংশ থেকে ২২ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। তবে পার্লামেন্টে নারী-পুরুষের প্রতিনিধিত্বের সমতা আনতে আরও দৃঢ় উদ্যোগ নেওয়া জরুরি। এমপিদের আন্তর্জাতিক সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইপিইউর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি পাওয়া গেছে।
আগামী রোববার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গত ২০ বছরে (১৯৯৫-২০১৫) পার্লামেন্টে নারীর অংশগ্রহণের চিত্র তুলে ধরে বার্ষিক বিশ্লেষণ প্রকাশ করে আইপিইউ। ১৭৪টি দেশে পার্লামেন্টের চিত্র বিশ্লেষণ করেছে আইপিইউ।
১৯৯৫ সালে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে ইউরোপের একাধিপত্য ছিল। কিন্তু আইপিইউর এই বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ ১০টি দেশের মধ্যে চারটি আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের। তিনটি ইউরোপ ও তিনটি আমেরিকার দেশ।
গত ২০ বছরে এশিয়ার পার্লামেন্টগুলোতে নারী প্রতিনিধিত্ব সেভাবে বাড়েনি। ১৯৯৫ সালে ১৩ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ শতাংশে। ১৯৯৫ সালে এশিয়ার কোনো দেশের পার্লামেন্টেই ৩০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব ছিল না। ২০১৫ সালে এসে মাত্র একটি দেশ ৩০ শতাংশ পেরিয়েছে। পূর্ব তিমুরের পার্লামেন্টে নারী সদস্য ৩৮ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া ৩০ শতাংশের কাছাকাছি আছে নেপাল (২৯ দশমিক ৫) ও আফগানিস্তান (২৭ দশমিক ৭)। এই সময়ে সবচেয়ে উন্নতি করেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব বেড়েছে ২১ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া মঙ্গোলিয়া ও ভুটান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
আইপিইউর বিশ্লেষণে বলা হয়, সবচেয়ে বেশি উন্নতি করেছে রুয়ান্ডা, অ্যান্ডোরা ও বলিভিয়া। এই তিনটি দেশের পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব যথাক্রমে ৫৯ দশমিক ৫, ৪৬ দশমিক ৪ ও ৪২ দশমিক ৩ শতাংশ করে বেড়েছে। বিশ্বের মধ্যে পার্লামেন্টে সবচেয়ে বেশি নারীর প্রতিনিধিত্ব রুয়ান্ডায়, যা ৬০ শতাংশেরও বেশি।