১৭৫ ফুট উঁচু বান্দরবানের 'রামজাদির' অভিষেক আজ

বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হদাবাবুর ঘোনা এলাকায় নবনির্মিত ‘রামজাদি’ অভিষেক (উদ্বোধন) উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সেখানে তিন দিনব্যাপী জাদি মেলা শুরু হয়েছে। ১৭৫ ফুট উঁচু এই রামজাদি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় জাদি বা প্যাগোডা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রায় ১২ বছর ধরে এ জাদি নির্মাণ করা হয়েছে।
বান্দরবান শহরতলির হদাবাবুর ঘোনা এলাকায় নির্মিত ‘রামজাদি’কে ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ ভিড় জমিয়েছেন। আজ শুক্রবার জাদিটির অভিষেক হবে। রামজাদির অভিষেক অনুষ্ঠানে বান্দরবানের স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উপঞা জোত মহাথের ছাড়াও দেশের বিভিন্ন এলাকার বৌদ্ধধর্মীয় গুরুরা উপস্থিত থাকবেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
গুরু ভান্তে খ্যাত স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতা উপঞা জোত মহাথের বলেন, ২০০৪ সালে রামজাদি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। পুণ্যার্থীদের দান এবং হাজারো মানুষের নিরলস প্রচেষ্টায় এক যুগ ধরে বিশাল এ জাদি নির্মাণ করা হয়েছে।
স্বর্ণমন্দির ও রামজাদির প্রধান উপাসক বা চ মং মারমা বলেন, অভিষেকের প্রথম পর্বে গতকাল উপঞা মহাথের ও পঞা চক্ক মহাথের পুণ্যার্থীদের দেশনা দেন। এরপর জাদি মেলায় আসা হাজারো পুণ্যার্থীর জন্য জাদিটি খুলে দেওয়া হয়।