শিক্ষার্থী ১৭৬ জন। আর শিক্ষক মাত্র একজন। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপরন্তু ওই শিক্ষক দাপ্তরিক কাজে উপজেলা শহরে গেলে বিদ্যালয় থাকে অঘোষিত ছুটি।
এ করুণ চিত্র সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এক মাস ধরে শিক্ষক সংকটের কারণে এ বিদ্যালয়ে শিক্ষাসহ সব কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক থাকার কথা। এর মধ্যে প্রধান শিক্ষকের পদটি এক যুগের বেশি সময় ধরে শূন্য। বাকি তিনজনের মধ্যে গত বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রোজিনা আক্তার অন্যত্র বদলি হন। এ অবস্থায় দুজন সহকারী শিক্ষক ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁদের মধ্যে আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক সামছুন্নাহার বেগম গত বছরের ৩১ ডিসেম্বর প্রশিক্ষণে চলে যান। এরপর থেকে সহকারী শিক্ষক প্রভা আক্তার পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়টিতে চলে অঘোষিত ছুটি।
কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়টি হাওর এলাকায় অবস্থিত। ফলে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো তদারকি নেই।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আউয়াল বলেন, ‘শিক্ষক সংকট দূর করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেও কোনো সুফল পাইনি।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক প্রভা আক্তার বলেন, ‘১৭৬ জন শিক্ষার্থীকে কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে আমার একার পক্ষে পাঠদান করা সম্ভব হচ্ছে না। এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়ে দৌড়ে পাঠদান করতে গিয়ে খুবই সমস্যা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, শিক্ষক সংকটের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।