১৭৮ দেশের মধ্যে ৩২তম বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে ভঙ্গুর দেশের তালিকায় ১৭৮টির মধ্যে বাংলাদেশের অবস্থান ৩২তম। এই তালিকায় ভঙ্গুর দেশ হিসেবে বিশ্বে সবার প্রথমে রয়েছে নবীন রাষ্ট্র দক্ষিণ সুদান। তালিকার প্রথম ছয়টি দেশই আফ্রিকা মহাদেশের। খবর ফরেন পলিসি সাময়িকীর।
ওয়াশিংটনভিত্তিক অলাভজনক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ফান্ড ফর পিস (এফএফপি) ‘ভঙ্গুর রাষ্ট্রের সূচক-২০১৫’ শিরোনামে এই তালিকা করেছে। এতে দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশসহ ১২টি সূচক ও ১০০ উপসূচক বিবেচনায় নেওয়া হয়েছে।
তালিকায় দক্ষিণ সুদান ১১৪ দশমিক ৫ স্কোর করে ভঙ্গুরতার দিক থেকে সবার ওপরে রয়েছে। ২০১১ সালে গণভোটের মাধ্যমে সুদান ভেঙে এ দেশটি স্বাধীন হওয়ার পর থেকে সেখানে অভ্যন্তরীণ সংঘাত চলছে। দক্ষিণ সুদানের চেয়ে দশমিক ৫ স্কোর কম করে দ্বিতীয় স্থানে আছে সোমালিয়া। এরপরে রয়েছে যথাক্রমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১১১ দশমিক ৯), সুদান (১১০ দশমিক ৮), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (১০৯ দশমিক ৭) ও চাদ (১০৮ দশমিক ৪)।
শীর্ষ দশে আফ্রিকার উল্লিখিত ছয়টি দেশের পরের তিনটি অবস্থানে আছে যথাক্রমে ইয়েমেন (১০৮ দশমিক ২), আফগানিস্তান (১০৭ দশমিক ৯) ও সিরিয়া (১০৭ দশমিক ৮)।
তালিকার ৩২তম অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর ৯১ দশমিক ৮। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৬৯তম, পাকিস্তান ১৩তম, মিয়ানমার ২৭তম, শ্রীলঙ্কা ৩৪তম, নেপাল ৩৫তম ও ভুটান ৭৪তম অবস্থানে রয়েছে।
তালিকায় ৮০ স্কোর করে ৬৫তম অবস্থানে রয়েছে রাশিয়া। এ ছাড়া চীন ৮৩তম (৭৬ দশমিক ৫), যুক্তরাষ্ট্র ১৫৮তম (৩৫ দশমিক ৪) ও যুক্তরাজ্য রয়েছে ১৬১তম (৩৩ দশমিক ৪) অবস্থানে। তালিকায় সবচেয়ে কম ভঙ্গুর বিবেচিত হয়ে শেষ চারটি স্থান পেয়েছে স্ক্যান্ডিনেভীয় চার দেশ ফিনল্যান্ড (১৭৮তম), সুইডেন (১৭৭তম) নরওয়ে (১৭৬) ও ডেনমার্ক (১৭৫তম)।