
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় আগামী ১৮ আগস্টের মধ্যে সিআইডিকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
এই মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল গতকাল। তবে তদন্ত শেষ না হওয়ায় আদালতে সময়ের আবেদন জানায় তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত এই আবেদন মঞ্জুর করে ১৮ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।
গত বছরের ৯ জুন এই মামলার বাদী রাশেদুল হক খান অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন করেন। আদালত ওই বছরের ১৭ জুন আবেদন মঞ্জুর করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় রাশেদুল হক খান গুলশান থানায় মামলা করেন।
গত বছরের ১৫ এপ্রিল র্যাব তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: সাখাওয়াত হোসেন, ফাহিমা ইসলাম, জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইবরাহীম খলিল, রফিকুল ইসলাম ও শরিফুদ্দিন চৌধুরী।