বাংলাদেশ বেতার রাজশাহী প্রেরণ কেন্দ্রের ১৮ একর জায়গা দুই বছর আগে অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে অবিলম্বে অবৈধ ইজারা চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও বেতারের আঞ্চলিক প্রকৌশলী ইজারা বাতিলে গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে। বেতার সূত্রে জানা গেছে, বেতারের প্রেরণ কেন্দ্রকে কী প্রটেকশন ইনস্টলেশন (কেপিআই) বা সর্বাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা হিসেবে বিবেচনা করা হয়। দেশের পাঁচ ধরনের কেপিআই এলাকার মধ্যে বেতারের প্রেরণ কেন্দ্র ১ (বি) ক্যাটাগরির মধ্যে পড়ে। বাংলাদেশ বেতার রাজশাহীর প্রেরণ কেন্দ্রটি ২০১০ সালের ৩ আগস্ট রাজশাহীর আঞ্চলিক প্রকৌশলী বন বিভাগকে ইজারা দেন। ইজারা দেওয়ার জন্য মহাপরিচালকের ছাড়পত্র নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, তৎকালীন আঞ্চলিক প্রকৌশলী কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে বেতারের প্রেরণ কেন্দ্রের ইজারা চুক্তিতে স্বাক্ষর করেছেন। একই কারণে বর্তমান প্রকৌশলী চুক্তি বাতিলে গড়িমসি করছেন। চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারির ভিত্তিতে বনায়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে বেতারের প্রেরণ কেন্দ্রের প্রায় ১৮ একর জায়গা বন বিভাগ ২০ বছরের জন্য ব্যবহার করবে। অবস্থার ভিত্তিতে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে চুক্তির মেয়াদ আরও ২০ বছর বৃদ্ধি করতে পারবে। চুক্তিতে বলা হয়েছে, ভূমি মালিক সংস্থা (বেতার) জমিতে উৎপাদিত ফসলের ২০ শতাংশ, বন বিভাগ ১০ শতাংশ, সিটি করপোরেশন ৫ শতাংশ, ট্রি ফার্মিং ফান্ড ১০ শতাংশ এবং উপকারভোগীরা পাবে ৫৫ শতাংশ। চুক্তিনামার আলোকে ইতিমধ্যে ২২ জন উপকারভোগী এই সংরক্ষিত এলাকায় চাষবাস শুরু করেছেন। বেতার সূত্রে জানা গেছে, ২০১১ সালের শেষের দিকে অবৈধ ইজারার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ নিয়ে সরকারের ওপর মহলে তোলপাড় শুরু হয়। রাজশাহী বেতারের মহাপরিচালক আঞ্চলিক প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেন। সম্প্রতি মহাপরিচালক অতিসত্বর এই চুক্তি বাতিলের জন্য রাজশাহী বেতারকে চিঠি দেন। আঞ্চলিক পরিচালক বিধি অনুযায়ী আঞ্চলিক প্রকৌশলীকে চিঠি দেন। বেতারের গত জুন মাসের নিরাপত্তাবিষয়ক মাসিক সভায় প্রেরণ কেন্দ্রের ইজারা চুক্তি বাতিল প্রসঙ্গ ওঠে। সভার ৬ নম্বর এজেন্ডায় এই ইজারা চুক্তি বাতিলের বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলে প্রকৌশল শাখার সব কর্মকর্তাকে জানানো হয়। কিন্তু এরপর ইজারা চুক্তি বাতিল করার কোনো উদ্যোগ আর লক্ষ করা যাচ্ছে না। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিৎ কুমার বলেন, তাঁদের কাছে বেতার থেকে চুক্তি বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তিপত্রে রয়েছে কোনো সমস্যা হলে দুই পক্ষ বসে আলোচনা করে সমাধান করতে হবে। সে জন্য তাঁরা বাগানের সম্ভাবনার কথা উল্লেখ করে চুক্তি বাতিল না করে সমস্যা সমাধানের জন্য আলোচনার কথা বলেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য রাজশাহী বেতারের আঞ্চলিক প্রকৌশলী মেরাজ উদ্দিন আহাম্মেদের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আখতার বলেন, আঞ্চলিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে যতটুকু জেনেছেন তাতে মনে হয়েছে, বন বিভাগের এখানে অনেক বড় বিনিয়োগ রয়েছে। চুক্তি বাতিল করলে তাদের অনেক ক্ষতি হবে। এই বিষয়টি সম্ভবত তিনি বিবেচনা করছেন। বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহাম্মেদ জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তাঁরা দেখছেন।