১৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস পালিত হবে
পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাল একাত্তরে কূটনৈতিক অঙ্গনে দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধাদের। গতকাল শনিবার মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর কিন্তু উষ্ণ অনুষ্ঠানে ১৪ জন মুক্তিযোদ্ধা কূটনীতিকের হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।একাত্তরে যেসব কূটনীতিক পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধা কূটনীতিকদের বীরত্বের কাহিনি নিয়ে বই প্রকাশ করা হবে। এখন থেকে প্রতিবছর ১৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস হিসেবে পালন করা হবে বলেও তিনি ঘোষণা করেন।প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় তৎকালীন পাকিস্তানের উপহাইকমিশনার এম হোসেন আলী স্বপক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তিনি উপহাইকমিশনে বাংলাদেশি পতাকা উড়িয়ে দেন। এটি ছিল বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী প্রথমে সম্মাননা ক্রেস্ট দেন ওয়াশিংটনে তৎকালীন পাকিস্তান দূতাবাসের পক্ষ ত্যাগকারী ইকোনমিক কাউন্সিলর বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। সম্মাননা জানানো হয় মহিউদ্দিন আহমেদ, কে এম সিহাবউদ্দিন, কিউ এ এম এ করিম, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মোয়াজ্জেম আলী, কাজী সেকান্দর আলী, আনোয়ার হোসেন চৌধুরী, লুৎফুল মতি, আনোয়ারুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, এম হোসেন আলী ও ওয়ালিউর রহমানকে।