১৮ এপ্রিল শাহবাগে সমাবেশ ডেকেছে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ এপ্রিল শাহবাগে সমাবেশ ডেকেছে গণজাগরণ মঞ্চ। ‘যুদ্ধাপরাধীদের বিচারের দীর্ঘসূত্রতার’ প্রতিবাদে একই দিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দেওয়ার ঘোষণা করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
এ ছাড়া পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল নয়টায় রাজধানীর মিরপুরের আলোকদী গ্রামে মুক্তিযুদ্ধের সময় কাদের মোল্ল্লা কর্তৃক নির্যাতিত মানুষের সঙ্গে বৈশাখী শুভেচ্ছা বিনিময় ও বেলা তিনটায় শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় প্রদীপ প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ৩ এপ্রিল গণজাগরণ মঞ্চের ওপর হামলার অভিযোগ তুলে এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচিতে ইসলামী ব্যাংকের অনুদান গ্রহণ করার প্রতিবাদ করায় সরকার ও তাদের পেটোয়া বাহিনী গণজাগরণ মঞ্চের প্রতি খড়্গহস্ত হয়েছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির চক্র মঞ্চের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
সংবাদ সম্মেলন শেষে শাহবাগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
আরেক অংশের তৎপরতা: গণজাগরণ মঞ্চে ইমরানবিরোধী হিসেবে পরিচিত সংগঠন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ও ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম’ গতকালও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম চালিয়েছে। তারা গত শুক্রবার থেকে সেখানে শামিয়ানা টানিয়ে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করে।
তবে এ স্বাক্ষর সংগ্রহ গণজাগরণ মঞ্চের কোনো কর্মসূচি নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এদিকে ‘গণজাগরণ মঞ্চের বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে’ জানাতে ইমরানবিরোধী অংশ আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শাহবাগে সংবাদ সম্মেলন ডেকেছে।