১৮ এপ্রিলকে 'চট্টগ্রাম স্বাধীন বিপ্লবী সরকার দিবস' ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসকে স্মরণীয় করে রাখতে ১৮ এপ্রিলকে ‘চট্টগ্রাম স্বাধীন বিপ্লবী সরকার দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশের আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা জে এম সেন হল প্রাঙ্গণে স্থাপিত মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঐতিহাসিক যুব বিদ্রোহ দিবসের ৮৬তম বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সংগঠক মাহমুদুল করিমের সভাপতিত্বে ও মাইমুন উদ্দিনের পরিচালনায় সমাবেশে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, চট্টগ্রাম কলেজের মনির ইসলাম, জাবেদুল ইসলাম, আমিনুর রহমান, হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাইফুদ্দিন মানিক, আনিসুজ্জামান আবিদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল অসম সাহসী যুবক চট্টগ্রামকে ১৯৩০ সালের ১৮ এপ্রিল চার দিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত করেন। চার দিন ধরে চট্টগ্রামে ব্রিটিশদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে রাখেন। তাই এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য ১৮ এপ্রিলকে চট্টগ্রাম স্বাধীন বিপ্লবী সরকার দিবস হিসেবে ঘোষণা করা হোক।