১৮-এর আগে ভোটার তালিকায় কেন, আদালতের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৮ বছরের কম বয়সীদের তথ্য অন্তর্ভুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তাঁকে সহযোগিতা করেন এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।

শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, সংবিধানের ১২২ অনুচ্ছেদ এবং ২০০৯ সালের ভোটার তালিকা আইনের ১১ ধারা অনুসারে ১৮ বছর বয়সীদের তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ১৮ বছরের কম বয়সীদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত।

সংবিধানে বলা আছে, ১৮ বছরের কম নয় এমন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী হবেন। আর ভোটার তালিকা আইনে বলা আছে, প্রতি বছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। এ ক্ষেত্রে আগের বছরের ২ জানুয়ারি থেকে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার জন্য যিনি ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৮ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহের বিষয়ে গত মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।