তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বয়স ১৮। আর ১৮ মানেই তারুণ্য। ১৮-এর চেতনা নিয়েই এগিয়ে যাবে প্রথম আলো।

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) ১৮ বছর পূর্ণ করেছে প্রথম আলো।

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ফারাজকে স্মরণ করে বক্তব্য দেন তাঁর বড় ভাই জারিফ হোসেন। ছবি: জাহিদুল করিম
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ফারাজকে স্মরণ করে বক্তব্য দেন তাঁর বড় ভাই জারিফ হোসেন। ছবি: জাহিদুল করিম

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্য’ দিয়ে। গানের সঙ্গে ছিল ভিডিও চিত্র। দেশব্যাপী যেসব তরুণ নীরবে মানুষের জন্য কাজ করেন, তাঁদের কথা উঠে এসেছে প্রথম আলোর পাতায়। আর সেসব নিয়েই ছিল ভিডিও চিত্রটি।

বক্তব্য দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক সিমিন হোসেন। ছবি: প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক সিমিন হোসেন। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিচার সম্পাদক সুমনা শারমীন। তিনি বলেন, তরুণেরা বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। প্রথম আলোর প্রতিটি পাতায় থাকে তরুণদের আনন্দ-বেদনার গল্প।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ফারাজ আইয়াজ হোসেনকে উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে বন্ধুর প্রতি ফারাজের আত্মত্যাগ ও সাহসিকতার শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত হন ফারাজ। নিজের জীবন বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও বন্ধুদের ছেড়ে যেতে রাজি হননি তিনি। পরে জঙ্গিরা তাঁকে হত্যা করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এই ১৮ বছরের পদযাত্রা সহজ ছিল না। অনেক উত্থান-পতন ও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

মতিউর রহমান বলেন, ‘আমাদের ১৮ বছর, আমরা অনেক ভালো করেছি, অনেক সফলতা ছিল, অনেক উদ্যোগ নিয়েছি। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। আমাদের প্রত্যেককে পরিবর্তন হতে হবে। শুধু বলেই দায়িত্ব শেষ করলাম, তা না।’

মতিউর রহমান বলেন, ‘ফারাজ আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা।’

বক্তব্য দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে ফারাজের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফারাজের মা সিমিন হোসেন বলেন, ‘আপনাদের ধন্যবাদ কঠিন জীবনে সহযোগিতার জন্য। আমার ফারাজের জন্য আপনারা যা করেছেন, তা কখনো ভুলব না।’

অনুভূতি প্রকাশ করেন ফারাজের বড় ভাই জারিফ হোসেনও। জারিফ বলেন, ‘প্রথম আলোকে ধন্যবাদ, ফারাজের আত্মত্যাগকে আপনারা বিফলে যেতে দেননি।’

প্রথম আলোর প্রকাশনা সংস্থা মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, প্রথম আলো এ দেশে জনপ্রিয়তা পেয়েছে। ফারাজের আত্মত্যাগ ও প্রথম আলোর যাত্রার মধ্যে মিল রয়েছে উল্লেখ করে লতিফুর রহমান বলেন, ‘যে নৈতিকতা নিয়ে ফারাজ তার বন্ধুদের পাশে দাঁড়িয়েছিল, সেই একই নৈতিকতা নিয়ে ভবিষ্যতে প্রথম আলো এগিয়ে যাবে। ইনশাআল্লাহ, প্রথম আলো প্রতিষ্ঠার ১০০ বছর উদ্‌যাপন করবে।’

অনুষ্ঠানে সেরা কর্মীদের পুরস্কৃত করে প্রথম আলো। সেরা প্রতিনিধির পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের আকমল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার সাহাদাত হোসেন। বিজ্ঞাপন বিভাগ সেরা দল হিসেবে পুরস্কার পেয়েছে।

বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পাশে মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পাশে মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান। ছবি: প্রথম আলো

সেরা নবাগত হিসেবে পুরস্কার পেয়েছেন নিজস্ব প্রতিবেদক সামছুর রহমান ও সহসম্পাদক আদর রহমান। বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের মধ্যে রয়েছেন বিশেষ প্রতিনিধি তারেক মাহমুদ, বিশেষ ফটোসাংবাদিক শামসুল হক টেংকু, জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন, জ্যেষ্ঠ সহসম্পাদক ফারুক হোসেন, প্রথম আলো অনলাইনের জ্যেষ্ঠ সহসম্পাদক তপতী বর্মন, রস‍+আলোর বিভাগীয় সম্পাদক মাহফুজুর রহমান, চট্টগ্রামের ফটোসাংবাদিক সৌরভ দাস, সার্কুলেশন বিভাগের নাহিদ আদনান, ডিজিটাল সেলসের কে এম আমিনুর রহমান ও অফিস সহকারী নুরুল হক হাওলাদার।

সেরা নবীন কর্মী হিসেবে পুরস্কার নিচ্ছেন আদর রহমান। ছবি: প্রথম আলো
সেরা নবীন কর্মী হিসেবে পুরস্কার নিচ্ছেন আদর রহমান। ছবি: প্রথম আলো

এ ছাড়া রিপোর্টিং বিভাগে পাঁচজন বিশেষ পুরস্কার পেয়েছেন। সেরা গবেষণাধর্মী প্রতিবেদনের জন্য বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান, সেরা বিশ্লেষণী প্রতিবেদনের জন্য বিশেষ প্রতিনিধি টিপু সুলতান, বিচিত্রধর্মী প্রতিবেদনের জন্য জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ, নারী-বিষয়ক প্রতিবেদনের জন্য জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন ও সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফখরুল ইসলাম হারুন পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূরের নির্দেশনায় কণ্ঠশীলনের শিল্পীরা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতার দলীয় আবৃত্তি উপস্থাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম আলোর সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

‘চিরকুট’-এর গানের সঙ্গে হাত তুলে সুর মেলান সবাই। ছবি: প্রথম আলো
‘চিরকুট’-এর গানের সঙ্গে হাত তুলে সুর মেলান সবাই। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক শাহনাজ রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান ও সাজরেহ হক উপস্থিত ছিলেন।