১৮ কিলোমিটার বেহাল, ঝুঁকি নিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে দুটি মহাসড়কের ১৮ কিলোমিটারে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানে স্থানে পিচ উঠে গেছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং যানচালকদের সূত্রে জানা গেছে, নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া রেলস্টেশন এলাকা থেকে শ্যামলীপাড়া হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১২ কিলোমিটার, ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ছয় কিলোমিটারে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মহাসড়কের দুই পাশ ভেঙে ও দেবে গেছে। বিশেষ করে উল্লাপাড়া রেলক্রসিং, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড, চকিদহ, চালা, পূর্ব দেলুয়া, ব্রহ্মকপালিয়া, বোয়ালিয়া, পাটধারী, চড়িয়া শিকার এলাকায় মহাসড়কের ওপর থেকে বিটুমিন, কার্পেটিং ও পাথর উঠে গেছে। মহাসড়কের চকিদহ ও পূর্ব দেলুয়া সেতুর ওপরে দেবে গেছে। কংক্রিটের অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া স্থানে লোহার পাত ও কাঠ স্থাপন করে পাথর-বিটুমিন দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে যানবাহন চলাচল অব্যাহত রাখা হয়েছে। এ দুটি সেতুর দুপাশে বিপজ্জনক সেতু সাইনবোর্ড টানানো হয়েছে। এ ছাড়া এই মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ড, গাড়াদহ বাসস্ট্যান্ড, জুগনিদহ, টেটিয়া এলাকায় সড়ক থেকে কার্পেটিং ও বিটুমিন উঠে গেছে। ঢাকা-বগুড়া মহাসড়কের পার্শ্ব সড়কের সোল্ডার ভেঙে ও দেবে গেছে। অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন পাশ কাটানোর সময় প্রায়ই গর্তে পড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল ও হালকা যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়কের নলকা সেতুর ওপরে কার্পেটিং উঁচু-নিচু হয়ে পড়েছে। গর্তের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের খানাখন্দের মধ্যে বেশ কয়েকটি ট্রাক অ্যাঙ্গেল ভেঙে পড়ে আছে। মহাসড়কসহ সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গর্তগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পুলিশের পাহারা বসানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে।
পাবনা থেকে বগুড়াগামী ওমর পরিবহন বাসের চালক আমিরুল ইসলাম, ঢাকা-পাবনা রুটের সরকার ট্রাভেলসের চালক আবদুল হাই প্রথম আলোকে বলেন, আগে এক কিলোমিটার সড়ক অতিক্রম করতে সর্বোচ্চ এক মিনিট লাগত। এখন পাঁচ থেকে সাত মিনিট লাগে। গর্তের মধ্যে চাকা পড়ে প্রায়ই গাড়ির ক্ষতি হচ্ছে। এক সপ্তাহ ধরে অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের এই অবস্থা হয়েছে।
কয়েকজন চালক বলেন, ‘সরকার রাস্তার করসহ আনুষঙ্গিক সব কর পরিশোধ ছাড়া গাড়ির ফিটনেস সনদ দেয় না। কিন্তু আমরা পরিশোধ করলেও এই টাকা সড়কের উন্নয়নে খরচ হচ্ছে না। এ কারণে সড়কগুলোর অবস্থা খারাপই থেকে যাচ্ছে।’
গত বুধবার জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সড়কগুলোর এমন বাজে অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে। বিভিন্ন স্থানে পুলিশের সদস্যদের দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সওজ বিভাগের সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ক্ষতিগ্রস্ত উল্লাপাড়া থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের ১০ কিলোমিটার সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সেতুগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা সরেজমিনে দেখেও গেছেন। একটি প্রকল্পের মাধ্যমে পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের চেষ্টা চলছে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়ক হবে। এ কারণে গোলচত্বরসহ পার্শ্ব সড়কে নতুন প্রযুক্তির কাজ হবে। সে কারণে স্থায়ীভাবে মেরামত করা হচ্ছে না। আপাতত চলাচলের জন্য সংস্কার করা হবে।