কক্সবাজারে ভাঙনের মুখে ২০০ কিলোমিটার বাঁধ
১৮ কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন, ১২৩ গ্রাম প্লাবিত
সামুদ্রিক জলোচ্ছ্বাসে কক্সবাজারের বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে ১২৩টি গ্রামের ১০ হাজারের বেশি বসতবাড়ি প্লাবিত হচ্ছে। ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ২০০ কিলোমিটার বেড়িবাঁধ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলায় পাউবোর বেড়িবাঁধ রয়েছে ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে সাম্প্রতিক জলোচ্ছ্বাসে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে আটটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জোয়ারের পানিতে যানবাহন চলাচলের পাকা সড়কটি ডুবে থাকায় ৪০ হাজার মানুষের শাহপরীর দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আধা কিলোমিটার বাঁধ বিলীন হয়ে পাঁচটি গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হচ্ছে।টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল হয়ে পড়েছে। আরও কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত সম্ভব না হলে এই বর্ষায় কয়েক হাজার বসতবাড়ি সাগরে তলিয়ে যাবে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাসিনা আকতার বলেন, জোয়ারের পানিতে এ সময়ের মধ্যে উপজেলার আলী আকবর ডেইল, তারলেরচর, কৈয়ারবিল, লেমশিখালী, উত্তর ধুরুং, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে ৬০টিরও বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। আরও ১৭ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের মুখে রয়েছে। এ নিয়ে উপজেলার দেড় লাখ মানুষ উদ্বিগ্ন। পুরো উপজেলার চারদিকে বেড়িবাঁধ রয়েছে প্রায় ৪০ কিলোমিটার।মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, সাম্প্রতিক জোয়ারে উপজেলার ধলঘাটা ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে ছয় গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। উপজেলার মাতারবাড়ি, হোয়ানকসহ আরও বিভিন্ন গ্রামে ৩০ কিলোমিটার বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গত জুন মাসের শেষের দিকে জোয়ারের ধাক্কায় কাকপাড়া ও ফুয়াদটেক গ্রামের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়ে যায়। এখন পর্যন্ত ভাঙা বাঁধ মেরামত করা হয়নি। জোয়ারে ভাসছে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি।কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ বলেন, সামুদ্রিক জলোচ্ছ্বাসে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, উত্তর নুনিয়াছটা, নাজিরার টেকসহ আটটি গ্রামের সাত শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে রয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন গতকাল বুধবার বলেন, জলোচ্ছ্বাসে জেলার বিভিন্ন স্থানে ৯৭টি পয়েন্টে প্রায় ১৮ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ সাগরে বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে এসব ভাঙা বাঁধ অস্থায়ীভাবে মেরামতের জন্য প্রায় আট কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে থাকা প্রায় ২০০ কিলোমিটার স্থায়ীভাবে নির্মাণের জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা বরাদ্দ দেখিয়ে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।