১৮ কিলোমিটারে ৩৫ বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ বাঁক ও খোয়া উঠে এবরোখেবরো হয়ে যাওয়া পাটগ্রাম–আঙ্গোরপোতা সড়ক। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝুঁকিপূর্ণ বাঁক ও খোয়া উঠে এবরোখেবরো হয়ে যাওয়া পাটগ্রাম–আঙ্গোরপোতা সড়ক। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

লালমনিরহাটের পাটগ্রাম-দহগ্রাম আঞ্চলিক সড়কটির ১৮ কিলোমিটারে ৩৫টি বাঁক রয়েছে। এতে বিপরীত দিক থেকে আসা গাড়ি বাঁকের কারণে দূর থেকে নজরে না আসায় তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। এ ছাড়া সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছে যাতায়াতকারীরা।
সরেজমিনে দেখা যায়, পাটগ্রাম শহরের কোটতলির বাইপাস মোড় থেকে দহগ্রাম-আঙ্গরপোতা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক। গুনে দেখা গেছে, এ অংশে বাঁক রয়েছে ৩৫টি। বাঁকগুলোতে কোথাও বাঁশঝাড়, কোথাও অন্য গাছের আড়াল। এতে মোড়ের এ পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। এর মধ্যে আবার অনেক জায়গার সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। এ ছাড়া সড়কের দুপাশ ভেঙে ঢাল তৈরি হয়েছে। এতে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটানোর চেষ্টা করলেও তৈরি হচ্ছে আরেক ঝুঁকি। এভাবে বাঁক, খানাখন্দ আর সড়ক ভেঙে তৈরি হওয়া ঢালের ঝুঁকি নিয়েই চলাচল করছে ইজিবাইক, অটোরিকশা, ভ্যান, রিকশা।
এলাকাবাসী জানান, বৃষ্টি এবং ভারী যানবাহন চলাচল করায় সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ। এতে দহগ্রাম ও কুচলিবাড়ী দুটি ইউনিয়নের প্রায় ৩৫ গ্রামের ৭০ হাজার মানুষ উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। দহগ্রামের সাধু মিয়া, কুচলিবাড়ীর পানবাড়ী গ্রামের আবদুল কুদ্দুসসহ চার কৃষক বলেন, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারে নিতে হয়। একটু পর পর থানা মোড় ও ভাঙাচোরা সড়কের কারণে ভ্যানচালকেরা বাড়তি ভাড়া চান। এদিকে হাটে সময়মতো পণ্য নিতে না পারলে দাম পাওয়া যায় না।

দহগ্রাম আঞ্চলিক সড়কের ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোজাফারুল মিয়া বলেন, সড়কটিতে গর্ত থাকায় ঠিকমতো গাড়ি চালানো যায় না। ঝাঁকিতে যাত্রীদের যেমন কষ্ট হয়, তেমনি গাড়িরও ক্ষতি হয়।

কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামের আব্বাস মিয়া বলেন, সম্প্রতি তিনি বাড়ি থেকে অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন। পথে বাবুরকামাত এলাকায় একটি বাঁক ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নছিমন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা রাস্তার পাশে পড়ে গিয়ে তাঁরা কয়েকজন আহত হন।

লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯২ সালের দিকে সওজের অর্থায়নে পাটগ্রাম-তিনবিঘা করিডর গেট পর্যন্ত ১১ কিলোমিটার এবং দ্বিতীয় পর্যায়ে ওই বছরের শেষের দিকে তিনবিঘা করিডর গেট থেকে দহগ্রাম-আঙ্গরপোতা সড়কটির সাত কিলোমিটার কার্পেটিং করা হয়। এরপর পুরো ১৮ কিলোমিটার সড়কটি আর সংস্কার না করায় ওই সড়ক দুটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে।

সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, ইতিমধ্যে সড়কটির ১৮ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটারের দরপত্র আহ্বান করা হয়েছে। নভেম্বর মাসে সেটির সংস্কারকাজ শুরু করা হবে। তবে আরও সাত কিলোমিটার সড়কটির নতুন করে প্রকল্পের আওতায় অনুমতি এলে মেরামতের কাজ শুরু করা যাবে।