১৮ কোটি টাকার দরপত্র বাতিলের দাবি
দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হল নির্মাণের জন্য দাখিল করা ১৮ কোটি টাকার দরপত্র বাতিলের দাবি উঠেছে। দরপত্র দাখিলের প্রক্রিয়া সঠিক না হওয়ার অভিযোগ তুলে তা বাতিলের এ দাবি করেছেন দিনাজপুর শহরের ঠিকাদার নাজিউর রহমান।
তিনি গতকাল রোববার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ছাত্রদের একটি আবাসিক হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৮ ফেব্রুয়ারি পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দেয়। গত ৩১ মার্চ বেলা একটা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। তিনি ওই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে দরপত্র জমা দিতে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা ১৫ থেকে ২০ জন উচ্ছৃঙ্খল যুবক তাঁকে ক্যাম্পাসে ঢুকতে দেননি। তাঁরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেন। এ অবস্থায় তিনি দরপত্র জমা না দিয়ে ফিরে আসেন। পরে দেখা যায়, মাত্র একটি দরপত্র পড়েছে।
সংবাদ সম্মেলনে ঠিকাদার নাজিউর রহমান বলেন, এ ঘটনায় তিনি ওই দিনই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, ঠিকাদার নাজিউর জিডি করলেও সেখানে কারও নাম উল্লেখ করেননি। তা ছাড়া ঘটনা দুপুরের। জিডি করেছেন রাত ১০টায়। মুঠোফোনেও তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে ঘটনা জানাননি। তবে পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে।
বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র আহ্বান কমিটির সদস্যসচিব প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দরপত্র ফেলতে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তা ছাড়া ১৮ কোটি টাকার কাজ নেওয়ার প্রয়োজনীয় যোগ্যতা দিনাজপুরের কোনো ঠিকাদারের নেই। ঢাকা বা চট্টগ্রামের বড় বড় প্রতিষ্ঠানই কেবল এ ধরনের কাজে দরপত্র জমা দেয়। এবার ঢাকার জয়েন্ট ভেঞ্চার ইঞ্জিনিয়ার্স লি. নামের একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। সেটি এখন দরপত্র মূল্যায়ন কমিটি বিবেচনা করে দেখবে।