১৮ কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ
বরগুনায় তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে (পিইডিপি-৩) ১৮ কোটি ২৬ হাজার টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব কাজ ১৮ ভাগ ঊর্ধ্বদরে ভাগাভাগি করে নিয়েছেন ক্ষমতাসীন দলের সমর্থক কয়েকজন ঠিকাদার। এ ছাড়া গত মঙ্গলবার একটি গুচ্ছের কাজের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।সদর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের কক্ষ বর্ধিতকরণ ও আসবাব সরবরাহের জন্য আটটি গুচ্ছের দরপত্র আহ্বান করা হয় গত সেপ্টেম্বরে। দেড় মাসে ছয়টি গুচ্ছের দরপত্র জমা নেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারেরা প্রথম আলোকে জানান, সরকারি হিসাবে প্রতিটি বিদ্যালয় বর্ধিতকরণের জন্য ৮৩ লাখ টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়। কিন্তু এর আগের ছয়টি গুচ্ছের মধ্যে পাঁচটি গুচ্ছে ২২টি বিদ্যালয় বর্ধিতকরণের ১৮ কোটি ২৬ লাখ টাকার কাজ সমঝোতার মাধ্যমে ক্ষমতাসীন দলের সমর্থক কয়েকজন প্রভাবশালী ঠিকাদার শতকরা ১৮ ভাগ ঊর্ধ্বদরে ভাগাভাগি করে নেন। একটি গুচ্ছের কাজে সমঝোতাপ্রক্রিয়া ব্যর্থ হলে তা পাঁচ ভাগ নিম্নদরে দাখিল হয়।ঠিকাদারেরা জানান, সাত নম্বর গুচ্ছের চারটি বিদ্যালয় ভবন বর্ধিতকরণ কাজের দরপত্র জমাদানের শেষ দিন ছিল বুধবার। দুপুরে পটুয়াখালী ও বরগুনার কয়েকজন ঠিকাদার নিম্নদরে দরপত্র জমা দিতে গেলে স্থানীয় কয়েকজন ঠিকাদার বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দরপত্র জমা দেওয়া যায়।সদর উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘যেসব ঠিকাদার দরপত্র বাক্সে ফেলতে পারেননি, তাঁরা আমার হাতে দরপত্র জমা দিয়েছেন। বাইরে কী হয়েছে আমার জানা নেই।’১৮ ভাগ ঊর্ধ্বদরে দরপত্র জমা প্রসঙ্গে মাহবুবুল জানান, এটা আগের বছরের প্রাক্কলন হওয়ায় ঠিকাদারেরা ১৮ ভাগ ঊর্ধ্বদরে দরপত্র জমা দিয়েছেন। একটি গুচ্ছে পাঁচ ভাগ নিম্নদরে দরপত্র দাখিল হওয়ায় একই কাজ দুই ধরনের দরে করানোর কারণ জানতে চাইলে প্রকৌশলী জানান, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত।