১৮ গ্রাম হুমকিতে ফেলে নদ থেকে বালু উত্তোলন
বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া নাগর নদের প্রায় আট কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থান থেকে বালু ব্যবসায়ীরা শ্যালো যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলছেন। এ ছাড়া কয়েকটি স্থানে নদের তীরের বাঁধের মাটি কেটেও বিক্রি করছেন তাঁরা। ফলে নাগর নদের দুই তীরের ফসলি জমি এবং ১৮টি গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।গত রোববার সরেজমিনে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে তিন-চাির কিলোমিটার দূরে এবং কাহালু উপজেলা সদর থেকে ১০-১২ কিলোমিটার দূরে নাগর নদের তীরবর্তী ঘাটমাগুড়া, পাঁচথিতা, ঠাকুরবাড়ি, আটগ্রাম মোড়, আটগ্রাম-শিবতলা ফুটব্রিজসংলগ্ন, আটালিয়া, ধাপহাটের যুগীপোথা, নিমাইকোলা, বাঘোপাড়া, ফকিরপাড়া, জাঙ্গালপাড়া, জোগাড়পাড়া, কাশিমালা, সঞ্জয়পুর এলাকায় নদের মধ্যে বড় বড় শ্যালো যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ীরা প্রতিদিন এসব এলাকা থেকে ৬০-৭০ ট্রাক বালু তুলে বিক্রি করছেন। বালু তোলায় এসব এলাকার বিভিন্ন স্থানে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঘাটমাগুড়া, পাঁচথিতা, দুপচাঁচিয়া সদরের টেকের মাথা এলাকায় নদের তীরের বাঁধ কেটে মাটি স্থানীয় ইটভাটা মালিকদের কাছে বিক্রি করা হচ্ছে।নদ থেকে এভাবে বালু তোলায় কাহালু উপজেলার কালাই ঘনপাড়া, দক্ষিণ ও উত্তর হিন্দুপাড়া, শিবতলা, পাইকপাড়া, মীরপাড়া, থিয়ট, চকবন্যা, আটালিয়া, জোগাড়পাড়া, কাশিমালা এবং দুপচাঁচিয়া উপজেলা বেলহালী, আটগ্রাম, মণ্ডলপাড়া, হিন্দুপাড়া, পাঁচথিতা, পোড়াদহ, পারথিয়ট, ত্রিমহনী গ্রামের ফসলি জমি ধীরে ধীরে নদে চলে যাচ্ছে। এসব গ্রামের অনেক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে।ঘাটমাগুড়া ও পাঁচথিতা এলাকায় বালু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা সটকে পড়েন। বালু উত্তোলনকারী শ্রমিকদের মধ্যে আবদুর রহিম, আবু বক্কর, আবদুল আলী এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, কাহালু উপজেলার আটালিয়া গ্রামের ফারুক হোসেন, সুইট হোসেন, জাঙ্গালপাড়ার রেজাউল হোসেন, জোগাড়পাড়ার আবদুস ছোবহান, কালাইঘনপাড়ার শামীম হোসেন, দুপচাঁচিয়া উপজেলার ঘাটমাগুড়ার আবু তাহের, আবেদ আলী, ধাপসুলতানগঞ্জের সেলিম হোসেন, মোহাম্মদ আলী, জুয়েল হোসেন, বম্বুপাড়ার ছফিন প্রাং, দুলুন প্রাং, জসিম উদ্দিন ও আলতাফ হোসেন বালু তোলার সঙ্গে জড়িত। বালু তোলায় বাধা দিতে গিয়ে এলাকাবাসীর অনেকেই লাঞ্ছিত হয়েছেন।কাহালু উপজেলার জোগাড়পাড়ার ইয়াছিন আলী, চকবন্যা গ্রামের রেজাউল ইসলাম, দুপচাঁচিয়ার পাঁচথিতা গ্রামের হযরত আলী, আশরাফ আলীসহ বেশ কয়েকজন ভুক্তভোগী বলেন, ‘প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণ মাসে নদ শুকানোর সঙ্গে সঙ্গে বালু ব্যবসায়ীরা বালু তোলা শুরু করেন। প্রশাসনের লোকজনকে জানালে মাঝেমধ্যে অভিযান চালালে কয়েক দিন বন্ধ থাকে, এরপর আবার বালু তোলা শুরু হয়।’বালু তোলা ও বাঁধের মাটি কাটাদের মধ্যে ঘাটমাগুড়া গ্রামের আবু তাহের, আবেদ আলী বলেন, ‘নাগর নদের চওড়া তো সামান্য, সেটা কে না জানে। আমাদের জায়গা জমি নদেতে ভেঙে গিয়ে নদ বড় হয়েছে। সেই জায়গা থেকে বালু তুলি। এতে কারও ক্ষতি হওয়ার কিছু নেই।’কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘আমরা কয়েকবার ওই এলাকায় অভিযান চালিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা দুপচাঁচিয়ায় পালিয়ে যায়। তার পরও কয়েক দিন আগে অভিযান চালিয়ে ওই স্থান থেকে বালু বোঝাই ট্রাকসহ শ্যালো যন্ত্র জব্দ করেছি এবং একজন বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেছি। তবে বালু তোলা বন্ধ করতে চাইলে দুপচাঁচিয়া থানাকে ব্যবস্থা নিতে হবে।’দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘বালু তোলা বন্ধের বিষয়ে ইউএনও স্যারকে বলেছি। কাজের ব্যস্ততার জন্য অভিযান চালানো যায়নি।’কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহম্মেদ বলেন, ‘মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনার পরপরই পুলিশকে অভিযান চালানোর জন্য বলা হয়েছে। দুপচাঁচিয়ার ইউএনওকে বলেছি যৌথ অভিযান চালানোর জন্য। কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় সম্ভব হয়নি, তবে খুব শিগগির যৌথ অভিযান চালানো হবে।’দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া নাজিম বলেন, ‘অবৈধভাবে বালু তোলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি। কাহালুর ইউএনও সাহেব বিষয়টি আমাকে বলেছেন। বিষয়টি এডিসি স্যারকে বলেছি। খুব শিগগির দুই উপজেলা থেকে অভিযান চালানো হবে।’