১৮ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার, আরেকজন নিখোঁজ
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে সোমবারের ট্রলারডুবির ঘটনায় ১৮ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরেক শিশু।
মারা যাওয়া শিশুর নাম ইসরাত জাহান নুর (১২)। নিখোঁজ শিশুর নাম ইশা মণি (১০)। এ ছাড়া এলাকাবাসী, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কমপক্ষে ২৩ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করেন।
ইসরাত জাহান ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকার আরমান মিয়ার মেয়ে। নিখোঁজ ইশা মণি একই ইউনিয়নের মডেল টাউন এলাকার শেখ জামালের মেয়ে।
সোমবার রাত আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খাগাইল এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে।
সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি ইমরান হায়াত বলেন, ‘রাত সোয়া আটটার দিকে খবর পাই, কেরানীগঞ্জের খাগাইল এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ আমরা ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। ঘটনাস্থল থেকে নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করা হয়।’
ইমরান হায়াত আরও বলেন, প্রায় ১৮ ঘণ্টা উদ্ধার অভিযানের পর মঙ্গলবার বেলা দুইটার দিকে ইশরাত জাহানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া ইশা মণি নামের অপর এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কেরানীগঞ্জের বরিশুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান বলেন, সোমবার বিকেলে কেরানীগঞ্জের মান্দাইল এলাকা থেকে কয়েকটি পরিবারের ২৩ জন সদস্য ট্রলারে করে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ট্রলারটি কেরানীগঞ্জের খাগাইল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বছিলাগামী একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলারের দুজন চালকসহ ২৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তাঁদের চিৎকারে এলাকাবাসী ও নদীতে টহলরত নৌপুলিশ এসে ট্রলারের চালকসহ কমপক্ষে ২৩ জন যাত্রীকে উদ্ধার করে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করেন।
আবদুস সোবহান আরও বলেন, এ ঘটনায় নৌপুলিশ বাল্কহেডটি জব্দ করেছে। বাল্কহেডের চালক পলাতক।