১৮ ঘণ্টা বিদ্যুৎহীন ১৩০ গ্রাম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত ১৩০টি গ্রামে একটানা ১৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দুর্ভোগের শিকার হয় হাজারো মানুষ।
মতলব দক্ষিণ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় সমিতির আওতাধীন ১৩০টি গ্রামের ৩৫ হাজার ৪১৭ গ্রাহক বিদ্যুৎ পাননি।
উপজেলা সদরের পশ্চিম কলাদী এলাকার বাসিন্দা কাজী জাকারিয়া বলেন, একটানা অনেকক্ষণ বিদ্যুৎ না থাকায় অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। রাতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়েছে।
মতলব দক্ষিণ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঁদপুরে ৩৩ কেভির (কিলোভোল্ট) বিদ্যুতের লাইনে সরবরাহ বন্ধ ছিল। লাইন মেরামতের পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।