১৮ ঘণ্টায় কুকুরের কামড়ের শিকার ২৫ জন!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৮ ঘণ্টায় কুকুরের কামড়ে শিশু, শিক্ষার্থী, পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত নয়টা থেকে আজ সোমবার বেলা তিনটা পর্যন্ত তাঁরা কামড়ের শিকার হন। আহত ব্যক্তিরা চট্টগ্রাম নগর ও হাটহাজারীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিদের অভিযোগ, তাঁরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গেলে সেখানে কোনো টিকা পাননি। তাই বাধ্য হয়ে অন্য হাসপাতালে গিয়ে টিকা নিতে হয়েছে।
আহত কয়েকজন ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, রোববার রাত থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাত থেকে আটটি কুকুর আক্রমণ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা, সোহরাওয়ার্দী হলসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকায় মোট ২৫ জনকে কুকুর কামড় দেয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুজন পুলিশ সদস্য। আর বাকিরা ক্যাম্পাসের কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা খুঁজে গতকাল ও আজ চারটি কুকুর নিধন করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রধান (ভারপ্রাপ্ত) বজল হক প্রথম আলোকে বলেন, কমপক্ষে ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। কুকুরের আক্রমণ রোধে কর্মীরা সতর্ক আছেন।
আজ সকালে সোহরাওয়ার্দী হলের পুলিশ ফাঁড়ির সামনে কুকুরের আক্রমণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাশহুদ আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘কুকুরের কামড়ের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গিয়ে টিকা পাইনি। বাধ্য হয়ে বেসরকারি একটি হাসপাতাল থেকে টিকা নিতে হয়েছে।’
কুকুড়ের কামড়ে আহত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও একই অভিযোগ করেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, টিকা দেড় মাসের বেশি সময় পড়ে থাকলে নষ্ট হয়ে যায়। সব সময় ব্যবহার হয় না বলে চিকিৎসাকেন্দ্রে টিকা রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, চিকিৎসাকেন্দ্রে টিকা না থাকার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়নি।