১৮ চিকিৎসকের কর্মস্থলে ফিরে যাওয়ার আদেশ প্রত্যাহার!
কুমিল্লায় ১৮ জন চিকিৎসকের নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আদেশ ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন জেলা সিভিল সার্জন। সরকারি দলের তরুণ চিকিৎসকদের চাপে সিভিল সার্জন তাঁর দেওয়া আদেশ প্রত্যাহার করে নেন। ওই চিকিৎসকদের বেশির ভাগই অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা উপেক্ষিত হলো। গত বুধবার ওই আদেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ এপ্রিল কুমিল্লা সদর হাসপাতালের ১৮ জন চিকিৎসককে তাঁদের পুরোনো কর্মস্থলে ফেরত যাওয়ার আদেশ জারি করা হয়। আদেশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে চিকিৎসকেরা তাঁদের কর্মস্থলে যোগ দেননি। উল্টো ওই আদেশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করার জন্য সিভিল সার্জনকে চাপ দেওয়া হয়। এ অবস্থায় সিভিল সার্জন মো. আবুল কালাম সিদ্দিক তাঁর আদেশ প্রত্যাহার করে নেন। তথ্যানুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসকরা ডেপুটেশনে সাময়িকভাবে কুমিল্লা সদর হাসপাতালে কাজ করছিলেন। তাঁদের মধ্যের চারজন ছাড়া অন্য ১৪ জনই ২০১০ সালে দলীয় বিবেচনায় অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসক। শর্তানুযায়ী, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকেরা কমপক্ষে দুই বছর পদায়নকৃত জায়গায় চাকরি করবেন। এরপর তাঁরা বদলি হতে পারবেন। কিন্তু কর্মস্থলে যাওয়ার কিছুদিনের মধ্যেই তাঁরা শহরের সরকারি হাসপাতালে ফিরে আসেন। এ অবস্থায় গ্রামাঞ্চলের সরকারি হাসপাতালগুলো চিকিৎসকশূন্য হয়ে পড়ছে। গ্রামের মানুষও বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ওই চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আদেশ জারি করা হয়। ৪ এপ্রিল ওই আদেশ প্রত্যাহার করে নেন সিভিল সার্জন। সংশ্লিষ্ট চিকিৎসকদের বেশ কয়েকজন এ প্রতিবেদককে জানান, ডেপুটেশনে কুমিল্লা সদর হাসপাতালে কাজ করার কারণে এখানকার চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। সদর হাসপাতালে রোগীদের চাপ বেশি থাকায় ডেপুটেশনে আসা চিকিৎসকেরা সেটি ভালোভাবেই সামাল দিতে পারছেন। তার উপর অনেক উপস্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো উন্নয়ন নেই, নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। উদ্ভূত পরিস্থিতিতে সদর হাসপাতাল থেকে একসঙ্গে এত চিকিৎসককে পুরোনো কর্মস্থলে ফেরত পাঠানো কোনোভাবেই যুক্তিসংগত নয়। যে কারণে সিভিল সার্জন তাঁর আদেশ প্রত্যাহার করতে বাধ্য হলেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই ১৮ চিকিৎসকের বেশির ভাগই ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাবশালী ছাত্রনেতারা রয়েছেন। কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. আবুল কালাম সিদ্দিক গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনিক সিদ্ধান্তে তাঁদের নিজ নিজ কর্মস্থলে ফেরত যাওয়ার আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময় নানা কারণে তা প্রত্যাহার করা হয়। ‘নানা কারণ কী?’ এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।