১৮ জন পরিচ্ছন্নতাকর্মীর বেতন ছয় মাস ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১৮ জন পরিষ্কার ও পরিচ্ছন্নতাকর্মী দীর্ঘ ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা বেতনের বকেয়া টাকা আদৌ পাবেন কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অর্থবছরে সরকারি বিধি অনুযায়ী হাসপাতালে ঠিকাদারের মাধ্যমে চুক্তিভিত্তিক ১৮ জন পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়। এরপর ঠিকাদার নিজ তহবিল থেকে কয়েক মাসের বেতন-ভাতা পরিশোধ করেন। কিন্তু ঠিকাদারের বিল আটকে যাওয়ায় গত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ছয় মাসের বেতন-ভাতা ওই সব পরিচ্ছন্নতাকর্মীকে দেওয়া হয়নি। পরিচ্ছন্নতাকর্মী সুজলা বেগম জানান, হাসপাতালে আড়াই হাজার টাকা মাসিক বেতনে চাকরি করেন। সেই বেতনও ছয় মাস ধরে পাননি। বাধ্য হয়ে মহাজনের কাছ থেকে সুদের ওপরে টাকা নিয়ে সংসার চালাচ্ছেন। একই ধরনের অভিযোগ করেন শেফালী বেগম, ছাবিনা বেগম, রিক্তা বেগম, নাজমা বেগমসহ কয়েকজন। তাঁদের আশঙ্কা, আদৌ তাঁরা বকেয়া বেতন পাবেন কি?ঠিকাদার আশরাফুল ইসলাম বলেন, ‘টাকা বরাদ্দ না পাওয়ায় গত নভেম্বর থেকে ওই ১৮ জন পরিচ্ছন্নতাকর্মীর বেতন দেওয়া সম্ভব হয়নি।’হাসপাতালের তত্ত্বাবধায়ক নজিবর রহমান বলেন, ‘২০০৯-১০ ও ২০১০-১১ এই দুটি অর্থবছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের কাগজপত্র সময়মতো স্বাস্থ্য অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ে না পাঠানোয় জটিলতা সৃষ্টি হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সুরাহার চেষ্টা চালাচ্ছি।’ হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি সাংসদ মাহফুজা মণ্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আমি কথা বলেছি। শিগগিরই পরিচ্ছন্নতাকর্মীদের বেতন পাওয়ার ব্যবস্থা করা হবে।’