১৮ জনের চোখ নষ্ট হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ ৩ প্রতিষ্ঠানের
হবিগঞ্জে চোখের ছানি অস্ত্রোপচার করতে গিয়ে ১৮ জন রোগীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ছানিজনিত অন্ধত্ব নিবারণে কাজ করা প্রতিষ্ঠান ভিশন বাংলাদেশ প্রকল্প পরিচালনা কর্তৃপক্ষ।গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিশন বাংলাদেশ প্রকল্প পরিচালনা কর্তৃপক্ষ এ দুঃখ প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে ওই ১৮ রোগীর অস্ত্রোপচার করা চোখে সংক্রমণসহ দৃষ্টিশক্তি-সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার কথা স্বীকার করে ভিশন বাংলাদেশ। এ বিষয়ে ৩ জুলাই প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন ও ৫ জুলাই এ সম্পর্কিত সম্পাদকীয়ের বিষয়ে ব্যাখ্যা দেয় কর্তৃপক্ষ। তাতে বলা হয়, ইতিমধ্যে ১৮ রোগীর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও বহন করছে ভিশন বাংলাদেশ।ঘটনার তদন্তে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চক্ষুবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্তে কারও অবহেলা প্রতীয়মান হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার, ব্র্যাক ও সাইটসেভার্স যৌথভাবে ২০১১ সাল থেকে সিলেট বিভাগে ‘ভিশন বাংলাদেশ’ নামে দেশে ছানিজনিত অন্ধত্ব নিবারণের লক্ষ্যে কর্মসূচি শুরু করে। এ কর্মসূচির আওতায় ১০ লাখ মানুষের চোখ পরীক্ষাসহ এক লাখ রোগীর ছানি অস্ত্রোপচার করা হবে। ইতিমধ্যে ওই এলাকায় ৫৬ হাজারের বেশি রোগীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।