সাভারের ধসে পড়া রানা প্লাজার ভবন নির্মাণ-সংক্রান্ত দুর্নীতি মামলায় এর মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ আতোয়ার রহমান শুনানি শেষে এই দিন ধার্য করেন। খবর বাসসের।
মামলার অভিযোগে বলা হয়েছে সোহেল রানা, তাঁর বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম রানা প্লাজা নামের একটি বিপণিকেন্দ্র নির্মাণে ডেভেলপার প্রতিষ্ঠান তন্ময় হাউজিং লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওই প্রতিষ্ঠানটি ভবনের দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ করার পর সোহেল রানা তাদের বিদায় করে দিয়ে নিজেরাই ছয়তলা পর্যন্ত নির্মাণ করেন। এতে আরও বলা হয়, সোহেল রানা বাণিজ্যিক ভবন হিসেবে সেখানে পোশাকের কারখানা স্থাপন করেন। এরপর ছয়তলা ভিত্তির এ ভবনকে দশতলা করতে সাভার পৌরসভার অনুমোদন নিয়ে নয়তলা পর্যন্ত নির্মাণ করেন।
নকশাবহির্ভূতভাবে নয়তলা ভবন নির্মাণ ও সাভার পৌরসভা থেকে অবৈধভাবে পোশাক কারখানা স্থাপন করার অনুমোদন নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় এই মামলা করেন। ২০১৪ সালের ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের মফিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।