ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় আরও সাতজনকে সম্পৃক্ত করে ১৮ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর সম্পূরক অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস অধিকতর তদন্ত শেষে গত ২১ সেপ্টেম্বর সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ২৩ সেপ্টেম্বর সম্পূরক অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়।
আদালত সূত্র জানায়, সিআইডি অধিকতর তদন্ত শেষে আগের অভিযোগপত্রের ১১ জনসহ নতুন সাতজনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে। নয়জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত চার আসামিকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন যুবলীগ উত্তরের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ওরফে চঞ্চল, রিয়াজুলকে অন্যতম গুলিবর্ষণকারী আমিনুল ইসলাম ওরফে হাবিব, হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের চালক ও সাখাওয়াতের সহযোগী সোহেল মাহমুদ ওরফে সোহেল ভুইয়া, হত্যায় ব৵বহৃত প্রাডো গাড়ির চালক চুন্নু মিয়া, আমিনুলের খালাতো ভাই আরিফ হোসেন, সাখাওয়াতের সহযোগী সাহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিল উল্লাহ, সাখাওয়াতের গাড়িচালক জাহাঙ্গীর মণ্ডল, রিয়াজুলের গাড়িচালক মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম লোপা, হত্যার কাজে ব্যবহৃত প্রাডো গাড়ির মালিক ও যুবলীগের নেতা রফিকুল ইসলাম চৌধুরী, সাখাওয়াতের ভগ্নিপতি শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু, হত্যাকাণ্ডে সহযোগী তুহিন রহমান ওরফে ফাহিম, সৈয়দ মুজতবা আলী, মোহাম্মদ রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম ও সুজন হাওলাদার, চিকিৎসক দেওয়ান মো. ফরিউদৌল্লাহ ওরফে পাপ্পু এবং নিহত রিয়াজুলের বন্ধু মামুন উর রশীদ। এঁদের মধ্যে পর্যায়ক্রমে প্রথম ১১ জন প্রথম অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন। আর অধিকতর তদন্তে বাকি সাতজনের নাম এসেছে।
অভিযোগপত্রভুক্ত আসামি সাখাওয়াত হোসেন, আরিফ হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ ও রফিকুল ইসলাম চৌধুরীকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
যাঁদের অব্যাহতি চাওয়া হয়েছে তাঁরা হলেন এস এম জাহিদ সিদ্দিক তারেক (ক্রসফায়ার নিহত), তারেকের সহযোগী মাহবুবুল হক, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, যুবলীগের নেতা ওয়াহিদুল আলম আরিফ, তারেকের ব্যবসায়িক অংশীদার আবুল মোনায়েম মোহাম্মদ আমিনুল এহসান বাবু ওরফে টমেট বাবু ওরফে ডিশ বাবু, কমলাপুরের বাসিন্দা এনামুল হক, আওয়ামী লীগের নেতা আহকাম উল্লাহ, কমলাপুরের বাসিন্দা মাসুম উদ্দিন ও মতিঝিলের বাসিন্দা তানজিম মাহমুদ।
২০১৪ সালের ১৫ এপ্রিল র্যা ব তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৯ জুন অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করা হয়। ওই বছরের ১৭ জুন আদালত অধিকতর তদন্তের আদেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্সওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুল হক খানকে গুলি করে হত্যা করা হয়।