১৮ জনের মৃত্যুতে ডেঙ্গু সন্দেহ, তথ্য পেয়েছে আইইডিসিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু মশা
ফাইল ছবি

দেশে এবার এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর জন্য ডেঙ্গু সন্দেহ করা হচ্ছে। এ তথ্য পেয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে কোনোটিরই পর্যালোচনা শেষ করেনি তারা। এদিকে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২২৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১৫ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছে ২১১ জন, আর ঢাকার বাইরে ১৫ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা আজ পর্যন্ত ৮৫২ জন। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছে আরও ৬৩ রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৪৬ জন।

দেশে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১৮টি মৃত্যুর তথ্য আইইডিসিআরের কাছে এসেছে। গতকাল এ সংখ্যা ছিল ১৪। পর্যালোচনা শেষে আইডিসিআর নিশ্চিত করবে আসলেই ডেঙ্গুতে মৃত্যু ছিল কি না।

ডেঙ্গু শনাক্তের দিক থেকে জুলাই মাসকে ছাড়িয়েছে আগস্টের প্রথম ১০ দিন। গত জুলাই মাসে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু ছিল ২ হাজার ২৮৬। আগস্টের প্রথম ১০ দিনে তা হয়েছে ২ হাজার ৩২১।