১৮ জনের লাশ গাজীপুরে পরিবারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের লাশ গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ আসার পর গাজীপুর সদর উপজেলার নোয়াগাঁও ও হাড়িনালে শোকের ছায়া নেমে আসে।জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসন গত সোমবার রাতে ১৮ জনের মরদেহ ট্রাক দিয়ে গাজীপুরের উদ্দেশে পাঠিয়ে দেয়। ট্রাকটি গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ি এলাকায় পৌঁছায়। সেখানে জেলা প্রশাসনের পক্ষে গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুল্লাহ সাজ্জাদ ও গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাওজিয়া রহমান ট্রাকটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। পরে তা হাড়িনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।এ সময় বিদ্যালয়ের মাঠে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এ সময় মরদেহ দেখতে আসা অনেকেই কান্নায় ভেঙে পড়ে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই গ্রাম হাড়িনাল ও নোয়াগাঁও বাজারসহ আশপাশের দোকানপাট বন্ধ রাখা হয়। পরে বিদ্যালয়ের মাঠে জানাজা হয়। সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান, গাজীপুরের জেলা প্রশাসক নুুরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রমুখ এতে অংশ নেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকায় গত সোমবার মাতামুহুরী সেতুর রেলিং ভেঙে একটি বাস নদীতে পড়ে ওই ১৮ জন নিহত হন।