১৮ জনের সাক্ষ্য গ্রহণ, সেলিম ওসমানের অনুগতদের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গতকাল সোমবার ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্তে এসে ধর্মীয় অবমাননার অভিযোগকারী ছাত্র রিফাত, বিদ্যালয়ের শিক্ষক-ম্যানেজিং কমিটির সদস্য-অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য নিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান।
এদিকে, বিচার বিভাগীয় তদন্তকাজ চলার সময় সাংসদ সেলিম ওসমানের অনুগত ব্যক্তিরা বিদ্যালয় প্রাঙ্গণ ও বিদ্যালয়মুখী রাস্তাগুলো নিয়ন্ত্রণে রাখেন।
ধর্মীয় অবমাননাকর উক্তির অভিযোগে গত ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারীরিক নির্যাতন ও স্থানীয় জাপা (এ) দলীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
গতকাল সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিচার বিভাগীয় তদন্তকারী ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান প্রথমে কটূক্তির অভিযোগ তোলা দশম শ্রেণির ছাত্র রিফাত হাসানের সাক্ষ্য নেন। তদন্তকারীর সঙ্গে উপস্থিত ছিলেন সিএমএম আদালতের বিচারিক হাকিম গোলাম নবী ও মাজহারুল ইসলাম। এ ছাড়া তাদের সহায়তা করেন নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম।
পরে শিক্ষার্থী রিফাতের মা রিনা বেগম, ইংরেজি শিক্ষক উত্তম কুমার ও মাসুম মিয়া, বাংলা শিক্ষক আনোয়ার হোসেন, অঙ্কের শিক্ষক মোশারফ হোসেন, ইসলাম ধর্মের শিক্ষক বোরহানুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, ম্যানেজিং কমিটির তখনকার সভাপতি ফারুকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন, বাইতুল আতিক জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান, মসজিদের মুয়াজ্জিন আবদুল হাই, শিক্ষার্থী রূপন্তী, মৃদুল হাসান, মাকসুদ, রানা, আসিফ ও হামিদুলের সাক্ষ্য নেওয়া হয়। এ সময় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার জেলা সার্কিট হাউসে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল থেকে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের আশপাশে জাতীয় পার্টি ও স্থানীয় নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হন এবং শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শাস্তির দাবি জানান। সাংসদ সেলিম ওসমানের অনুগত হিসেবে পরিচিত জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আকরাম আলী শাহীন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি খালেদ হায়দার খান কাজল এ সময় উপস্থিত ছিলেন।