১৮ জুন থেকে চট্টগ্রামে আবাসন মেলা শুরু
১৮ জুন থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চার দিনব্যাপী আবাসন মেলা৷ আবাসন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান রিহ্যাব এ মেলার আয়োজক৷ চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হবে৷ মেলা শেষ হবে ২১ জুন৷
গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার লোগো উন্মোচন করা হয়৷ এবারের মেলার স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘গুণগত মানেই আস্থা, নিশ্চিত নিরাপত্তা’৷
অনুষ্ঠানে রিহ্যাব চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান বলেন, ‘শুধু বেচাকেনাই এ মেলার উদ্দেশ্য নয়; আবাসন খাতটিকে আরও উন্নত করতে একটি দক্ষ গোষ্ঠী তৈরি করতে চাই৷’
লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবদুল কাইয়ুম চৌধুরী৷ অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শাহ মো. আকতার উদ্দিন, রিহ্যাব মেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ইফতেখার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জিলানীসহ অনেকে উপস্থিত ছিলেন৷