১৮ জেলায় আরও ৩১২ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে গতকাল রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ধরপাকড় অব্যাহত আছে। শনিবার রাত ও গতকাল মিলিয়ে দেশের ১৮ জেলা থেকে ৩১২ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ শুরুর পর থেকে গতকাল পর্যন্ত এসব জেলার সাতটি থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় ছয় হাজার ৩০৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো। জেলাগুলো হলো রংপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, সিলেট ও সিরাজগঞ্জ।
ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ও অবরোধে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীসহ ৯৮ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ জেলায় ২৯৮৫ জনকে গ্রেপ্তার করা হলো।
সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের ২১ কর্মীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৪৩০।
রংপুর জেলায় শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন জামায়াতের ও চারজন বিএনপির কর্মী। বাকি ৪০ জন অন্যান্য মামলার আসামি। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ কথা জানিয়েছেন। এ নিয়ে রংপুরে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৫২৮।
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হলো।
পিরোজপুর শহরে অভিযান চালিয়ে গতকাল রাতে তিনজনকে এবং ভান্ডারিয়া উপজেলা থেকে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, উল্লাপাড়ায় পুলিশের ওপর পেট্রলবোমা নিক্ষেপের সময় তিনটি বোমাসহ গুলিবিদ্ধ জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত এক মাসে ১৫৯ জনকে গ্রেপ্তার করা হলো।
সিলেট নগরের সাগরদীঘিরপাড় ও সুবিদবাজার এলাকায় গতকাল বিকেলে পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের ঘটনায় জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে সিলেটে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৬১।
হবিগঞ্জে গতকাল দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরানসহ সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
পঞ্চগড় জেলার তিন উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি নূর-ই-আযমকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে বিএনপি-জামায়াতের ১২ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। গতকাল বেলা ১১টায় বুড়িচং উপজেলা পরিষদ ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহীতে ছাত্রশিবিরের ককটেল তৈরি দলের চার সদস্যকে শনিবার রাতে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ রাজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করে। এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৯২।­
ফেনীতে পেট্রলবোমা তৈরির সরঞ্জামসহ পুলিশ শিবিরের ১২ জন কর্মীকে আটক করেছে। ফেনী থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের রামপুর শহীন একাডেমি এলাকার একটি বাড়িতে ছাত্রশিবিরের একটি মেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ সেখান থেকে পেট্রল, খালি বোতল, বেশ কিছু জিহাদি বইসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
চাঁদপুর শহরের হাসান আলী উচ্চবিদ্যায়লের মাঠের কাছে একটি মাদ্রাসার সিঁড়িতে পরিত্যক্ত অবস্থায় কিছু দাহ্য পদার্থ ও ম্যাচের বারুদ উদ্ধার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে নুরুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়।
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে জেলায় ৩৮৪ জনকে গ্রেপ্তার হলো।
বগুড়ায় ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে গতকাল ১২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
{এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রংপুর, সাতক্ষীরা, রাজশাহী ও কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক; ফেনী অফিস এবং চুয়াডাঙ্গা, পিরোজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, সখীপুর (টাঙ্গাইল), মানিকগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও চাঁদপুর প্রতিনিধি}