১৮ ডিসেম্বর পালিত হবে সুপ্রিম কোর্ট দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়। তবে এবার ১৮ ডিসেম্বর ছুটি থাকায় এই বছরের সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে আগামী বছরের ২ জানুয়ারি।

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন। বিকেল চারটা ১০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী ওই সভা চলে।

পরে ফুল কোর্ট সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ফুল কোর্ট সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল, সেদিন অর্থাৎ প্রতি বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। এবার ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি থাকায় ২০১৮ সালের ২ জানুয়ারি যেদিন সুপ্রিম কোর্ট খুলবে, সেদিন দিবসটি পালন করা হবে।

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। ২০১৭ সালের সুপ্রিম কোর্টের বর্ষপঞ্জি অনুসারে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি রয়েছে।

এর আগে গত ২ অক্টোবর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন। এরপর ৩ ও ১৬ অক্টোবর ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। এরপর আজ ফুল কোর্ট সভা হলো, যা তৃতীয়।