১৮ ডিসেম্বর হরতাল ডাকছে বাম দলগুলো
জামায়াত-শিবির নিষিদ্ধ করা ও জনজীবনে নানা দুর্ভোগ নিরসনসহ বিভিন্ন দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল করবে বামপন্থী দলগুলো। আজ শুক্রবার বাম দলগুলোর দুটি মোর্চা পৃথকভাবে হরতালের ঘোষণা দিতে পারে।এর মধ্যে আজ সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জোট এবং বিকেলে পূর্বঘোষিত সমাবেশ থেকে গণতান্ত্রিক বাম মোর্চা হরতালের ঘোষণা দেবে।জানতে চাইলে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আগুনে পুড়ে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার ও জনজীবনে নানা দুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে সিপিবি-বাসদ আজ বেলা ১১টায় হরতালের ঘোষণা দেবে।বাম দলগুলো মোর্চাগত পৃথক অবস্থান থেকে হরতালের ডাক দিলেও তাদের দাবিগুলো প্রায় অভিন্ন। দাবির মধ্যে আরও রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ, যুদ্ধাপরাধী ও গণশত্রুদের বিচার এবং সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করা।