১৮ দফা দাবি তুলে ধরবে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ১৮ দফা দাবি উপস্থাপন করবে রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে এসব দাবি তৈরি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী। সভায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাজশাহীর উন্নয়নে বিভিন্ন দাবি উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. জামাত খান। উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহীর উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ নিশ্চিতকরণ, নগরের আবেদনকারীদের বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া, গঙ্গা ব্যারাজ নির্মাণ প্রকল্প পুনর্বিবেচনায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, সিএনজি স্টেশন স্থাপন।
এ ছাড়া রাজশাহীর উন্নয়নে ১৮ দফার অন্য দাবিগুলো হলো, রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস, রাজশাহী থেকে চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালু, আবদুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণ, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, ভূখণ্ড রক্ষায় স্থায়ী নদীতীর প্রতিরক্ষা, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নতুন করে নগরের একাধিক মাধ্যমিক স্কুল সরকারীকরণ, ক্রিকেট টেস্ট ভেন্যু স্থাপন, পদ্মা নদীর চরে সরকারিভাবে অর্থনৈতিক জোন স্থাপন, আম, টমেটোসহ অন্যান্য ফল সংরক্ষণে হিমাগার স্থাপন এবং নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তা দেওয়া। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রাজশাহীর নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য একটি শাটল ট্রেন চালু এবং রাজশাহীর পদ্মা নদীর ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথে পণ্য সরবরাহ ব্যবস্থাকরণ।