১৮ দলকে সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ
২৯ ডিসেম্বর রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ।
আজ শুক্রবার মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দিন ঢাকায় কোনো সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। চলমান আন্দোলনকে পরবর্তী ধাপে উন্নীত করতে ঘোষিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’।
গত মঙ্গলবার বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, তাঁদের কর্মসূচির লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রহসনকে ‘না’ বলা এবং গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলা।
এর এক দিন পর গত বুধবার ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি সম্পর্কে অবহিত ও সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) দুটি চিঠি দিয়েছে বিএনপি। সংশ্লিষ্ট চিঠি পৌঁছে দিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্ব্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেদিন সকালে ডিএমপির কার্যালয়ে যায়।
প্রতিনিধিদলে থাকা বিএনপির সহদপ্তর সম্পাদক শামিমুর রহমান প্রথম আলোকে জানিয়েছিলেন, ডিএমপি কমিশনার বরাবর তাঁরা দুটি চিঠি দিয়েছেন। একটি চিঠিতে ২৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েতে খালেদা জিয়া ও দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা এবং অপর চিঠিতে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
২৯ ডিসেম্বরের কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে দল-মত, শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণনির্বিশেষে সক্ষম নাগরিকদের লাল-সবুজের জাতীয় পতাকা হাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, জনতার এই অভিযাত্রায় বাধা দেবেন না।যানবাহন, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করবেন না।নির্যাতন, গ্রেপ্তার, হয়রানির অপচেষ্টা করবেন না।শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা এলে জনগণ তা মোকাবিলা করবে।