গাজীপুরের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। টঙ্গীতে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুবাইলের মীরেরবাজার এলাকায় গত বুধবার সকালে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় স্থানীয় বিএনপির ৩২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে রাতেই জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী থানার পুলিশ বুধবার রাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের সমর্থক পাঁচ কর্মীকে আটক করে। একই রাতে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন সিকদারসহ চারজনকে আটক করে পুলিশ।
মিছিলের প্রস্তুতি ওনাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল সকালে কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনসহ দুজনকে আটক করে পুলিশ।